বাংলাদেশরাজনীতি

প্রধানমন্ত্রীর কাছে অল্প চাইবো কেন: রওশন

রূপসী বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতে গিয়ে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে যখন চাইবো অল্প চাইবো কেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নয়টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিস্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধনের সময় তিনি একথা বলেন। ময়মনসিংহ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন জাতীয় পার্টির নেত্রী রওশন। অন্যদিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, যিনি ময়মনসিংহ সদর আসনে রওশনের প্রতিদ্বন্দ্বী।

ময়মনসিংহ থেকে স্থানীয় একজনের বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রীর আগ্রহে কথা বলার সুযোগ পান রওশন এরশাদ। এসময় তিনি বলেন, মসজিদ উদ্বোধন করার জন্য আপনাকে অনেক অভিনন্দন ও দোয়া জানাচ্ছি।

এই উপলক্ষে আমি আপনার কাছে একটি আবেদন জানাচ্ছি। আপনি যেমন জেলা-উপজেলায় ৫৬০টি মসজিদ করার জন্য উদ্যোগ নিয়েছেন, তেমনি ৫৬০টি জেলা-উপজেলায় একটি করে শিল্প কারখানা গড়ে তুলবেন। যেন মানুষের কর্মসংস্থান হতে পারে। রওশন বলেন, আমাদের প্রিয় নবী বলেছেন, তুমি যদি ক্ষুধার্ত থাক, তাহলে তুমি নামাজ পড়তে যেও না। আগে খেয়ে নাও, তারপর শান্তি মত নামাজ পড়।

আপনি এখানে সিটি করপোরেশন দিয়েছেন। অনেক ধন্যবাদ ও দোয়া। গেজেট চাই তাড়াতাড়ি, যাতে করে আমরা নির্বাচনটা করতে পারি। আরেকটি কথা হলো এখানে…নদী খননটা। কারণ প্রধানমন্ত্রীর কাছে যখন চাইব, সবই চাইব। একটা একটা চাইব না।

এসময় শেখ হাসিনা বলেন, আপনি মাননীয় বিরোধী দলের নেতা। আপনি এগুলো পার্লামেন্টে চাইবেন। আজকে এখানে মসজিদ উদ্বোধন করলাম। সামনের পার্লামেন্টে বলুন। জবাবে রওশন বলেন, পার্লামেন্টে তো আপনার সাথে কথা বলি। এখানেও বলছি এজন্য যে আপনি এখানে আজ উদ্বোধন করেছেন সেই উপলক্ষে।

আপনার কাছে যখন চাইব, বেশি করে চাইব, অল্প কেন চাইব। কারণ আপনি পারবেন না এমন কোনো কাজ তো নেই।

এরপর তড়িঘড়ি বক্তব্য শেষ করে রওশন বলেন, দোয়া করি- আপনি শুধু ৪১ সাল পর্যন্ত না, আপনি শতায়ু হন। আজীবন বেঁচে থাকুন। যতদিন বাংলাদেশ থাকবে আপনি বেঁচে থাকবেন এবং জনগণের জন্য কাজ করবেন।

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার নয়টি মসজিদের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে আরেকটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে কুমিল্লার তিনটি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কক্সবাজারের মেরিন ড্রাইভ প্রকল্পটি ২২ বছর ঝুলে ছিল। এটা আমরা করেছি। তবে এটা একটু প্রশস্ত করার দরকার। পাশে যদি লাইটিংটা থাকে তাহলে আরও ভালো হয়। এটা একটা প্রস্তাব আছে, আপনি (প্রধানমন্ত্রী) একটু দেখবেন।

ওবায়দুল কাদের অনুষ্ঠানে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন প্রকল্পটি আগামী সপ্তাহে পরিকল্পনা কমিশনে যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension