আন্তর্জাতিক

ফিলিস্তিনই আমেরিকার নেক্সট মিশন, টার্গেটে মাহমুদ আব্বাস

রূপসী বাংলা ডেস্ক:ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের কাছে তাকে ভিলেন সাজাতেও দেশটি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী এক ঊর্ধতন কর্মকর্তা। তিনি ফিলিস্তিনের নাগরিক।

শুধু তাই নয়, ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র নিজেকে অযোগ্য করে তুলেছে বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগকারী ওই কর্মকর্তার নাম সায়েব এরেকাটস। গত রোববার তিনি এই মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও প্রেসিডেন্টের উপদেষ্টা কুশনার এর আগের সপ্তাহে ইসরাইল, জর্দান, কাতার, মিসর ও সৌদি আরবের ঊর্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এইসব বৈঠকের প্রতিক্রিয়ায় সায়েব এই মন্তব্য করেন।

আল কুদুস সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেন, খুব শিগগিরই ইসরাইল-ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার বিষয়ে একটি খসড়া প্রস্তাবনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সেই খসড়া প্রস্তাবণাতে মাহমুদ আব্বাসকে সংযুক্ত করা হবে কিনা তা নিশ্চিত করেননি তিনি।

কুশনারের সাক্ষাৎকার বিষয়ে সায়েব বলেন, তারা ফিলিস্তিনের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায়। বিশেষ করে মাহমুদ আব্বাসকে ক্ষমতা থেকে উৎখাত করতে চান তারা।

জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পরই যুক্তরাষ্টের সঙ্গে সব ধরণের সম্পর্ক চুকিয়ে ফেলেন আব্বাস। মূলত এর পর থেকেই আব্বাসকে উৎখাতে ষড়যন্ত্রে লিপ্ত হয় মার্কিনিরা।

আমেরিকার পতন অবশ্যম্ভাবী : ফিলিস্তিন
ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের তথাকথিত শান্তি পরিকল্পনাকে অর্থহীন বলে দাবি করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। সম্প্রতি ফিলিস্তিন সরকারের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বলেন, দশকের পর দশক ধরে চলা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা তার পতন অবশ্যম্বভাবী।

সম্প্রতি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গাজার মানবিক পরিস্থিতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে নিউইয়র্কে বৈঠক করে ফিলিস্তিন কর্তৃপক্ষ। আলোচনায় জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি, হোয়াট হাউসের বিশেষ দূত জ্যারেড কুশনার এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জেসন গ্রিনবেল্ট উপস্থিত ছিলেন।

বৈঠকের সারমর্ম তুলে ধরে আবু রুদেইনাহ, যুক্তরাষ্ট্রের ইসরাইল-ফিলিস্তিন শান্তি পরিকল্পনাকে অর্থহীন দাবি করেন। আগামী সপ্তাহে মার্কিন প্রতিনিধিদের ইসরাইল, সৌদি আরব, মিশর, জর্ডান এবং কাতার সফরের কথা রয়েছে।

এসময় তারা মধ্যপ্রাচ্য ও গাজা পরিস্থিতি নিয়ে আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক করবেন। ফিলিস্তিনিদের বাদ দিয়ে দীর্ঘ এ আলোচনা ব্যর্থ হবে বলেও সতর্ক করে দেন আবু রুদেইনাহ।

৮০ হাজার ক্ষেপণাস্ত্র, আতঙ্কে ইসরাইল
ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, মার্কিন সরকার একে একে তার মিত্রদের হাতছাড়া করছে এবং সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে আমেরিকার পতন শুরু হয়ে গেছে।

তিনি বার্তা সংস্থা মেহরকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বে পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) চেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি অঞ্চল খুঁজে পাওয়া যাবে না যেখানে অনুপ্রবেশের জন্য বহিঃশক্তিগুলো পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়নি।

তিনি আরো বলেন, আগামী এক যুগের মধ্যে পশ্চিম এশিয়া হবে বিশ্বের সবচেয়ে আলোচিত অঞ্চল এবং সেখানে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতি দিক দিয়ে ইরান হবে এক নম্বর শক্তি।

মধ্যপ্রাচ্যের কোনো সমস্যার সমাধান ইরানকে ছাড়া হবে না বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা। তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় আমেরিকা পরাজিত হয়েছে এবং সেখানে বিজয় অর্জন করেছে ইরান, রাশিয়া, সিরিয়া ও হিজবুল্লাহর সম্মিলিত জোট।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

জেনারেল সাফাভি বলেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে বর্তমানে ৮০ হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি হিজবুল্লাহর সামরিক সক্ষমতার প্রমাণ এবং ইহুদিবাদী ইসরাইলের জন্য আতঙ্কের কারণ।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র সাবেক কমান্ডার জেনারেল সাফাভি আরো বলেন, সৌদি আরব ও মিশর যে চিন্তাধারায় পরিচালিত হচ্ছে তা মুসলিম উম্মাহর প্রতিনিধিত্ব করে না।

কিন্তু ইমাম খোমেনী (রহ.) ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর চিন্তাধারায় মুসলিম উম্মাহর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান বর্তমানে বিশ্ব মুসলিমের জন্য আদর্শে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension