
ফিলিস্তিনিদের ‘শরণার্থী’ মর্যাদা বাতিলের ছক কষছে যুক্তরাষ্ট্র!
রূপসী বাংলা ডেস্ক:ফিলিস্তিনিদের ‘শরণার্থী’ মর্যাদা তুলে নিতে যুক্তরাষ্ট্রের গোপনীয় কার্যকলাপের নথি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া প্রতিবেদনে দেখা গিয়েছে, ফিলিস্তিনি নাগরিকদের শরণার্থী মর্যাদা বাতিল করার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ পরামর্শক জ্যারেড কুশনার। শুক্রবার ফরেইন পলিসি ম্যাগাজিনের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের কাছে পাঠানো মেইলে কুশনার ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্যে প্রতিষ্ঠিত ‘ইউএন রিলিফ এন্ড ওয়ার্ক এজেন্সি ফর ফিলিস্তিনি রিফিউজি’- ইউএনআরডব্লিউএ (আনরোয়ার) বাতিল করার কথা বলেন। কুশনার ১১ জানুয়ারি এই মেইল লিখেছিলেন। এর ৫দিন পরই ট্রাম্প প্রশাসন জাতিসংঘের সহায়তা সংস্থায় ফিলিস্তিনিদের জন্য অনুদানকৃর্ত অর্থ কমিয়ে আনেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র এই সংস্থায় ৩৬৪ মিলিয়ন ডলার সহায়তা দিলেও এই বছর দিয়েছে ৬০ মিলিয়ন। কুশনার তার পাঠানো ই-মেইলে বলেন, ‘আনরোয়ার বাতিল গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই সংস্থাটি দুর্নীতিগ্রস্ত, অকার্যকর এবং শান্তি আনয়নে কোন কাজেই আসছে না।’ তিনি আরো বলেন, ‘মাঝেমধ্যে আপনাকে কৌশলগত ঝুঁকি নিতে হবে।’
প্রতিবেদনে আরো বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, জর্ডানে আশ্রয় নেয়া ২০ লাখ ফিলিস্তিনির শরণার্থী মর্যাদা বাতিল করার জন্য জর্ডানকে চাপ প্রয়োগ করছেন কুশনার। এরফলে মধ্যপ্রাচ্যে আনরোয়ার এর আর কোন প্রয়োজন হবে না।
প্রসঙ্গত, ১৯৪৯ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর লাখ লাখ ফিলিস্তিনি জর্ডানসহ পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়। তাদের জরুরি সাহায্যার্থে জাতিসংঘের উদ্যোগে আনরোয়ার প্রতিষ্ঠা হয়। ৭০ বছর ধরে এই সংস্থা ফিলিস্তিনিদের খাদ্য, চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন জরুরি সাহায্য দিয়ে আসছে। বর্তমানে প্রায় ৫০ লাখ ফিলিস্তিনি এই সংস্থার কাছ থেকে সাহায্য পেয়ে থাকে।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের জন্য অনুদান বন্ধ এবং আনরোয়ার বন্ধের এই পরিকল্পনা কুশনারের ইসরায়েল-ফিলিস্তিন সংকট প্রতিষ্ঠার জন্য তথাকথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’রই অংশ।
সূত্র:প্রেস টিভি



