বিনোদন

ফিলিস্তিনিদের সহায়তায় ১০ লাখ ডলার দিচ্ছেন ইউটিউব তারকা মিস র‍্যাচেল

ইউটিউব তারকা মিস র‍্যাচেল ফিলিস্তিনিদের সহায়তায় নিয়োজিত সংস্থাগুলোতে র‌্যাপার ম্যাকলমোরের দেয়া ১০ লাখ ডলার অনুদানের সমপরিমাণ অর্থ নিজেও অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সাথে তিনি অন্যান্য পরিচিত ব্যক্তিত্বদেরও একইভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গান পরিবেশনের সময় স্টেজে “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দেওয়ার পর এড শিরানের কনসার্ট ট্যুরের উদ্বোধনী পরিবেশকের পদ থেকে বাদ পড়েন ম্যাকলমোর। পরবর্তীতে তিনি শিরানের এই ট্যুর থেকে অর্জিত পুরো অর্থ ফিলিস্তিনি জনগণের সহায়তায় নিয়োজিত বেশ কিছু সংস্থায় দান করার প্রতিশ্রুতি দেন।

অনলাইনে ‘মিস র‍্যাচেল’ নামে পরিচিত র‍্যাচেল একারসো তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘২০ হাজারেরও বেশি নিষ্পাপ ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন এই শিশু হত্যা অব্যাহত রয়েছে।’

একারসো জানান, তার অনুদানের অর্থ ‘প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড’-এ দেওয়া হবে। তিনি আরও লেখেন, ‘আমাদের বিশেষ অধিকার ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে শিশু ও মানবাধিকার রক্ষার কাজে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটি নৈতিক দায়িত্ব রয়েছে।’

ইউটিউবে ২ কোটি ১০ লাখেরও বেশি সাবস্ক্রাইবার থাকা শিশুদের এই জনপ্রিয় বিনোদনদাতা ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে গাজার শিশুদের চরম দুর্দশা নিয়ে বারবার সরব হয়েছেন। তিনি প্রতিটি ধনী শ্বেতাঙ্গ তারকাকে তার মতো অনুদান দেওয়ার আহ্বান জানান।

গত ৪ সেপ্টেম্বর একটি কনসার্টে ফিলিস্তিনি জনগণের দুর্দশা তুলে ধরে মন্তব্য করার পর শেরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়েন ম্যাকলেমোর। এরপর তাকে সমর্থন জানানো সর্বশেষ পরিচিত মুখ হয়ে উঠলেন একারসো।

দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে ম্যাকলমোর বলেছিলেন, ‘ফিলিস্তিন মুক্ত কর! আমি চাই এই শব্দগুলো খুব উচ্চস্বরে ও স্পষ্টভাবে উচ্চারিত হোক, যাতে গাজা থেকে শুরু করে দখলকৃত পশ্চিম তীরের মানুষ জানতে পারে যে আমরা তাদের ভুলে যাইনি।’

ম্যাকলমোরের এই মন্তব্য ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে। গায়িকা পিঙ্কও ম্যাকলেমোরকে এই ট্যুর থেকে বাদ দেওয়ার আহ্বান জানান এবং ২০১৪ সালের একটি ঘটনার কথা টেনে আনেন, যেখানে তিনি ইহুদিদের অবমাননাকর রূপকের মতো দেখতে একটি পোশাক পরেছিলেন। সেই সময় অবশ্য পোশাকটির জন্য ক্ষমা চেয়েছিলেন ম্যাকলমোর।

ইনস্টাগ্রামে নিজের অবস্থান ব্যাখ্যা করে পিঙ্ক জানান, তিনি ইসরায়েল সরকারের হয়ে কথা বলছেন না বরং কনসার্টে আসা যেসব ইহুদি শ্রোতা র‍্যাপারের মন্তব্যে উদ্বিগ্ন হতে পারেন, তাদের পক্ষেই তিনি বলছেন।

পরদিন ৫ সেপ্টেম্বর কনসার্টের দ্বিতীয় দিনে ইহুদি শ্রোতাদের উদ্দেশ্যে ম্যাকলমোর বলেন, ‘ইসরায়েলের সমালোচনা, বর্ণবাদের সমালোচনা বা গণহত্যার বিরোধিতা করা কোনোভাবেই আপনাদের সমালোচনা নয়। আমার বার্তাটি শান্তির জন্য, ভালোবাসার জন্য যেন প্রতিটি মানুষ মর্যাদা, সম্মান ও সমতার সাথে বেঁচে থাকতে পারে।’

তবে এড শিরান দাবি করেছেন, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে জিলেট স্টেডিয়াম ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্রাফটসহ স্টেডিয়ামের কর্তৃপক্ষের নির্দেশে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে শিরান লেখেন, ‘এই বিধ্বংসী সংঘাত নিয়ে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত রয়েছে। আমি জনসমক্ষে মুখ খুলি না বলেই যে আমার কোনো মতামত নেই বা আমি পরোয়া করি না—তা নয়। কিংবা এর অর্থ এই নয় যে আমি আমার নিজস্ব ব্যক্তিগত উপায়ে কোনো উদ্যোগকে সমর্থন করি না।’

বুধবার ক্রাফট জানান, তিনি এবং শিরান উভয়েই ওই অঞ্চলের সহায়তার জন্য ২০ লাখ ডলার করে দান করছেন। তবে তাদের এই তহবিলের অর্থ সুনির্দিষ্টভাবে কোন সংস্থাগুলোতে যাবে তা স্পষ্ট নয়।

এদিকে ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে মার্কিন গায়ক ফিনিয়াস এবং ড্যানিশ পপ ব্যান্ড ‘লুকাস গ্রাহাম’-সহ আরও চারজন সহকারী শিল্পী শিরানের এই ট্যুর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension