
‘বাংলাদেশ যতটুকু উজ্জ্বল হয়েছে সেটাকে অন্ধকার করা যাবে না’- অর্থমন্ত্রী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে এখন কোনও ঝুপড়ি নেই, সারাদেশ আলোয় ঝলমল করে। তিনি বলেন, বাংলাদেশ যতটুকু উজ্জ্বল হয়েছে সেটাকে অন্ধকার করা যাবে না। আজ শুক্রবার সকালে সিলেট সদর উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। সেখানে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি সদর উপজেলার ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার শুরু থেকেই বিদ্যুৎ নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা ছিল। এটা নিয়ে সরকার বেশি কাজ করেছে। আমরা শতভাগ সফল হয়েছি।
তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সারা দেশে এখন বিদ্যুতের সঙ্কট নেই। পুরো দেশ বিদ্যুতের আলোয় ঝলমল করছে। মানুষের জীবনমান এখন উন্নয়ন হয়েছে। ফলে উৎপাদনও বেড়েছে।
সর্বত্র মানুষের মঙ্গলের সুযোগ করে দিতে শেখ হাসিনার সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিগত দশ বছরে শেখ হাসিনা ঘোষিত সরকারের লক্ষ্যমাত্রা অনেকাংশে পূরণ হয়েছে। অবশিষ্ট কাজগুলো পূরণ করতে এবং সরকারের উন্নয়ন ও জনবান্ধব উদ্যোগকে আরও তরান্বিত করতে জনগণের ঐক্য ও সহযোগিতা প্রয়োজন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, একটি বাড়ি একটি খামারের প্রকল্প পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।
একটি বাড়ি একটি খামার প্রকল্প সিলেটের সমন্বয়ক ও বিআরডিটিআইয়ের উপপরিচালক মো. গোলাম ছারুয়ারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ও এসডিএফের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার প্রমুখ।
যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন অর্থমন্ত্রী: মন্ত্রী সকালে সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে একসঙ্গে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। একই সময়ে আরও ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদরাসার একাডেমিক ভবন উদ্বোধন, লালারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, হযরত শাহপরান (রহ.) মাজারের প্রধান ফটক এর ভিত্তিপ্রস্তর স্থাপন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন, একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সিলেট সদরের নবনির্মিত ভবন উদ্বোধন, ধোপগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, খাদিমনগর আরএইচডি-সাহেববাজার জিসি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সেনানিবাস সিলেটের উদ্বোধন, টুকেরবাজার মইয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, শাহ খুররম ডিগ্রি কলেজের পাঁচতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন, পীরেরচক-মিরেরচক সড়কের চেইনেজ রাস্তা ও আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ছালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।


