
বিএনপির নেতার বাসায় আগুন দিল ছাত্রদলের নেতা-কর্মীরা
রূপসী বাংলা ডেস্ক:ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের বাসায় আগুন দিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ জুন) বিএনপির এই কেন্দ্রীয় নেতার ঢাকার ওয়ারী এলাকার বাসায় পদবঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। আগুন দেওয়ার অভিযোগে যাত্রাবাড়ীর গোলাপবাগের আমজাদ হোসেন (২৬) এবং ওয়ারীর যোগীনগরের আবদুল হাইকে (৬২) ওয়ারী থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে। শুনানি নিয়ে আদালত অবশ্য তাদের রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, ওয়ারীর ৩ নম্বর যোগীনগর রোডের বাসার মালিক বিএনপি নেতা আবুল বাশার। এ বাসাটি ওয়ারী থানা বিএনপির অফিস। এ বাসাতেই আগুন দেওয়া হয়েছে। ১০ থেকে ১২ জন বাসায় আগুন দেন। আগুন দেওয়ার ঘটনায় বাশারের স্ত্রী মেহেরুন নেছা ছাত্রদলের সহ-সভাপতি মুকিদুল হাসান রঞ্জুকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
পুলিশ আদালতকে জানিয়েছে, আগুন দেওয়ার সময় ঘটনাস্থল থেকে আসামি আমজাদ ও আবদুল হাইকে স্থানীয় লোকজন হাতেনাতে ধরে ফেলে।
পুলিশ কর্মকর্তা সুদীপ বলেন, ওয়ারী ছাত্রদলের ৩৯ নম্বর কমিটি গঠন হওয়ায় পদবঞ্চিত ছাত্রদল নেতারা বিএনপি নেতা কাজী আবুল বাশারের বাসায় আগুন দিয়েছে। বাসার দুই তলাতে বিএনপির অফিস। সেখানে পেট্রল দিয়ে আগুন দেওয়ায় দরজাসহ অফিসের বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’
মামলায় মেহেরুন নেছা বলছেন, তার স্বামী বাশার কেন্দ্রের নির্দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে নতুন কমিটি গঠন করেন। গত সোমবার (১১ জুন) ওয়ারীর ৩৯ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি গঠন প্রক্রিয়ায় তার স্বামী ছিলেন না। পদবঞ্চিত নেতাদের ধারণা, তার স্বামী বাশারের কারণে কমিটিতে তারা কোনো পদ পাননি। ফলে, মঙ্গলবার (১২ জুন) দিবাগত রাত সোয়া একটার দিকে ১০ থেকে ১২ জন লোক বাসায় প্রবেশ করে। প্রথমে বাড়ির ভাড়াটেদের মারধর করে। একপর্যায়ে বাসার দ্বিতীয় তলায় বিএনপির অফিসের পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।
তার অভিযোগ, ছাত্রদলের সহ-সভাপতি মুকিদুল হাসানের ইন্ধনে আগুন দেওয়া হয়।
মামলায় ওয়ারী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রহিম, ৩৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামিল আহমেদ, ওয়ারী থানা যুবদলের সদস্য সচিব রুবেলসহ সজীব, শুভ্র দাস, লোকনাথ, শরিফ, রানা, জাহাঙ্গীর, নাদিম ইউনুছ, হৃদয়সহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।



