
বিজেপিকে আদর্শগত শত্রু অ্যাখ্যা দিয়ে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের
বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। টিভিকে কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং এটি এমন একটি শক্তি, যারা কোনো দলকে ভয় পায় না। আজ আমরা ‘ফ্যাসিবাদী’ বিজেপি ও ‘বিষাক্ত’ ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে তামিলনাড়ুর রাজনীতি। দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় কাঁপাচ্ছেন রাজনীতির মাঠ। সম্প্রতি মাদুরাইয়ে অনুষ্ঠিত হয়েছে তার রাজনৈতিক দল- তামিলাগা ভেট্ট্রি কাজাগামের (টিভিকে) মহাসমাবেশ, যেখানে হাজারো সমর্থকের সামনে বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়েছেন তিনি। এমনকি তাদের বিরুদ্ধে নীতিগত যুদ্ধও ঘোষণা করেছেন। খবর এনডিটিভি।
জনসভায় দেয়া বক্তব্যে বিজেপিসহ সব বড় রাজনৈতিক দলের কড়া সমালোচনা করেন থালাপতি। বলেন, কেন্দ্রে এনডিএ জোট তামিলনাড়ুর জন্য কোনো ইতিবাচক কাজ করেনি। বরং তাদের আমলেই জেলেদের ভাতা সমস্যা ও বিতর্কিত এনইইটি পরীক্ষায় জটিলতা তৈরি হয়েছে।
সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। টিভিকে কোনো মাফিয়া গোষ্ঠী নয়, বরং এটি এমন একটি শক্তি, যারা কোনো দলকে ভয় পায় না। আজ আমরা ‘ফ্যাসিবাদী’ বিজেপি ও ‘বিষাক্ত’ ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।
বিজয়ের ভাষায়, এই লড়াই শুধু রাজনৈতিক ক্ষমতার নয়, আদর্শেরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, এনইইটি বাতিল করুন। পারবেন কি নরেন্দ্র মোদি? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা ভুগছে।
বিশ্লেষকরা বলছেন, থালাপতির এ অবস্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। বিজেপি, ডিএমকের পাশাপাশি ক্রমশই প্রভাবশালী তৃতীয় শক্তি হিসেবে জায়গা করে নিচ্ছে টিভিকে।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন, তামিলনাড়ুতে আগামী নির্বাচনে এনডিএর সঙ্গে টিভিকের জোট হওয়ার সম্ভাবনা পথ খোলা রয়েছে। তিনি বলেছিলেন, ভোট অনেক দূরে, ভবিষ্যতে সবকিছুই সম্ভব। কিন্তু সেই সম্ভাবনাকে স্পস্টই নাকচ করে বিজেপির বিরুদ্ধে নীতিগত যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি সেই সঙ্গে তীব্র আক্রমণ করেছেন ডিএমকে ও এআইএডিএমকিকেও।



