
সমুদ্র দেখিনি আমি, কোনদিন যাই নাই সুনীল সাগরে,
মনের দহন জানে প্রণয়ের পুষ্পের পার্থিব শিহরণ;
কত আলো জ্বলেছিল অন্ধকার পৃথিবীর প্রথম প্রহরে?
বর্ষায় ভিজিনি আমি, শুকায়েছে তাই হৃদয়ের কুঞ্জবন।
তাঁহার আহ্বান শুনে আলো জ্বেলেছিল আঁধারের বিশ্বলোক,
স্বর্গের সবুজ ঘাসে প্রেমালাপে মগ্ন ছিল আদম-হাওয়া;
শূন্য থেকে শুরু হলো বিধাতার বোধাতীত রূপের ঝলক,
তাঁহার দর্শন পেতে শুরু হোক অজানায় আমার যাওয়া।
আদমের বেদনায় স্বর্গের বিহঙ্গ সব হয়ে গেছে চুপ,
নিরুপম নর্তকীরা কামনার কষাঘাতে হারায়েছে তাল;
প্রেমহীন প্রার্থনায় কেটে যায় মানুষের কলঙ্কিত দিন।
তুমি ছাড়া আমি নাই, তোমার দেহের মাঝে আমার স্বরূপ,
তোমার মনের মাঝে খেলা করে আমাদের প্রতিটি সকাল;
দেখা দাও, দেখা দাও, আকারের মাঝে তুমি আকার বিহীন!



