প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিশিষ্টজনের অভিমত : সংলাপের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট : জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে আওয়ামী লীগের সম্মতির ঘটনাকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশিষ্টজন। তারা বলেছেন, এর মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলমান রাজনীতিতে যে ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে, তা দূরীকরণ এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হবে বলে প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বিশিষ্টজন এই সংলাপ যেন অর্থবহ হয়, সেই আহ্বানও জানিয়েছেন।

সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার ও প্রধান বিরোধী পক্ষের মধ্যে দূরত্ব কমাতে এ বৈঠক ভূমিকা রাখতে পারে। ঐক্যফ্রন্ট আলোচনায় বসতে চেয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ। সংলাপে বসতে সম্মত হওয়ার জন্য সরকারকেও ধন্যবাদ। এ মুহূর্তের রাজনৈতিক বাস্তবতায় এ ধরনের একটি বৈঠকের প্রয়োজন ছিল। এই বৈঠকটি যেন অর্থবহ হয়, সে জন্য উভয়পক্ষকেই আন্তরিক হতে হবে। উভয়পক্ষকেই সমঝোতার মনোভাব নিয়ে বসতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সরকার যদি অনমনীয় থাকে, তাহলে আলোচনার পরও জনগণের উৎকণ্ঠা দূর হবে না। দেশের ১৬ কোটি মানুষ এখন এ বৈঠকের দিকে তাকিয়ে আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রীর সম্মতি দেওয়ার ঘটনা বর্তমানে রাজনীতির কঠিন সময়ে ইতিবাচক দিক। এ বৈঠকের মধ্য দিয়ে শুভচিন্তার রাজনীতির পথে অনেক দূর যাওয়ার পথ তৈরি হতে পারে। এ কারণেই বৈঠকটি অত্যন্ত মূল্যবান। সার্বিকভাবে বলা যায়, এটা একটি শুভসূচনা। প্রত্যাশা থাকবে বৈঠকটি ফলপ্রসূ হবে এবং আগামীতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথও উন্মোচিত হবে এ বৈঠক থেকে। তিনি আরও বলেন, এ বৈঠকে বসতে রাজি হয়ে সরকার যেমন ইতিবাচক মনোভাব দেখিয়েছে, আশা করি বৈঠক অর্থপূর্ণ করতেও সরকার একইভাবে ভূমিকা রাখবে। কারণ, ক্ষমতাসীনদের ভূমিকার ওপরই বৈঠক সফল হওয়ার সম্ভাবনা বেশি নির্ভর করে। শেষ পর্যন্ত বৈঠকের ফল যা-ই হোক, এ বৈঠক নিঃসন্দেহে ভালো সূচনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সরকারের সঙ্গে সংলাপে বসতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির জবাবে সংলাপে বসতে রাজি হয়েছে সরকার। ২০১৪ সালের নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছিলেন, তখন বিএনপি বসে নি। এবারও ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে সম্মতি দিয়ে প্রধানমন্ত্রী আবারও ইতিবাচক রাজনীতির প্রতি তার সদিচ্ছার প্রমাণ দিলেন। এখন এই সংলাপ সফল করার দায়িত্ব সবচেয়ে বেশি ঐক্যফ্রন্টেরই। কারণ, তারাই প্রথমে সংলাপে বসতে চেয়েছে। সরকার সম্মতি দিয়ে সদিচ্ছার প্রতিফলন দেখিয়েছে, এখন বৈঠকের সফলতা নির্ভর করছে মূলত ঐক্যফ্রন্টের ইচ্ছার ওপরই।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ বৈঠকের খবরটি অত্যন্ত ইতিবাচক। এ বৈঠক আবারও প্রমাণ করল, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দু’দিন আগেও বৈঠকে বসা হবে না বলে বক্তব্য শোনা যাচ্ছিল। এখন দেখা গেল, একপক্ষ বৈঠকে বসতে চেয়ে চিঠি দিল; অন্যপক্ষ তাতে সম্মতি দেওয়ার ফলে একটা ইতিবাচক ও আশাব্যঞ্জক খবর পাওয়া গেল। প্রত্যাশা থাকবে, এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে এবং বৈঠকটি অর্থবহ হবে। হয়তো একটা বৈঠকের মধ্য দিয়েই সব মতপার্থক্য দূর হবে না। বৈঠকের মধ্য দিয়ে কী অর্জন হবে, সে আলোচনায় এখন না গিয়ে এ বৈঠকের মধ্য দিয়ে সহনশীল রাজনীতির শুভসূচনা হোক, সে প্রত্যাশাই রইল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension