হাসিনা-কামাল সংলাপ বৃহস্পতিবার
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট : অনেক জল্পনা-কল্পনা এবং নাটকীয়তার পর অবশেষে শুরু হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বহুল প্রত্যাশিত সংলাপ ।
পরশু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এ জন্য নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে। এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
এর আগে প্রধানমন্ত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করবে আওয়ামী লীগ। এই সংলাপে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ সংলাপ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে খুব দ্রুতই সংলাপের সময়, স্থান ও আনুষঙ্গিক বিষয়গুলো জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের জানিয়ে দেওয়া হবে।
এদিকে সংলাপে বসার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বিকেলে মতিঝিলে টয়োটা বিল্ডিংয়ের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের ফাঁকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সংলাপে বসার জন্য আহ্বান জানিয়েছিলেন। তাদের এ আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী সংলাপের জন্য আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তারা প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে স্বাগত জানান।
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে আওয়ামী লীগের সম্মতির ঘটনাকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশিষ্টজন। তারা বলেছেন, এর মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলমান রাজনীতিতে যে ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে, তা দূরীকরণ এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হবে বলে প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বিশিষ্টজন এই সংলাপ যেন অর্থবহ হয়, সেই আহ্বানও জানিয়েছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গতকাল চলতি সংসদের শেষ অধিবেশনের শেষ কার্যদিবসে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। এরপর তিনি রাত ৮টার দিকে টেলিফোনে কথা বলেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে। এ সময় দুই নেতা বেশ আন্তরিকতার সঙ্গে কথা বলেন। এমনকি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নৈশভোজের মেন্যু নিয়েও কথা বলেছেন ওবায়দুল কাদের।
মোস্তফা মহসিন মন্টু জানান, জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ফোন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের সংলাপে ঐক্যফ্রন্টের কতজন সদস্য অংশ নেবেন, তা জানতে চান। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি প্রতিনিধি দলের কথা তাকে জানানো হয়েছে। প্রতিনিধি দলের তালিকা আজ মঙ্গলবার আওয়ামী লীগ কার্যালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।
জাতীয় ঐক্যজোটের একটি শরিক দলের একজন শীর্ষ নেতা জানান, আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সংলাপের সম্ভাবনা রয়েছে। ওবায়দুল কাদের ঐক্যজোটের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংলাপ নিয়ে বিস্তারিত জানাবেন।
ওবায়দুল কাদের আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার সংলাপের দিনক্ষণ নির্ধারণের কথা বলেছিলেন। কিন্তু ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় বুধবার সংলাপে আগ্রহ দেখাননি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। পরে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের নেতাদের পক্ষ থেকে বৃহস্পতিবার সংলাপ আয়োজনের সম্ভাবনার কথা বলা হয়েছে।
এর আগে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন একটি চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর অনানুষ্ঠানিক বৈঠকে আলোচনা করেছেন। ওই আলোচনায় সবার মতামত জানার পর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপে বসার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সংলাপের মধ্য দিয়ে তারা দেখাতে চাইছেন, প্রধানমন্ত্রী আলোচনার দরজা কারও জন্য বন্ধ করেন না। আওয়ামী লীগ সভাপতির দরজা কারও জন্য বন্ধ নয়। শেখ হাসিনার দরজা কারও জন্য বন্ধ থাকে না। তবে প্রস্তাবিত সংলাপ নিঃশর্ত হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, কারও চাপের মুখে কিংবা নতিস্বীকার করে নয়, আমাদের পক্ষ থেকে কাউকে ডাকিনি। ঐক্যফ্রন্টের নেতারা সংলাপ করতে চেয়েছেন। প্রধানমন্ত্রী ওই সংলাপে রাজি হয়েছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার অন্য দাবিগুলো মানা হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এ মুহূর্তে বলা সম্ভব নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই জন্য সংলাপের ফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন।
বিএনপি অনেক আগে থেকেই সংলাপের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কখনই ইতিবাচক মনোভাব দেখানো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সংলাপের দাবি নাকচ করে আসছিলেন। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট সবার অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য সাত দফা নিয়ে সংলাপের দাবি জানানোর পর এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও গত ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে পরোক্ষভাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। এমন অবস্থায় গত রোববার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বসার দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সিদ্ধান্ত জানালেন দলের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের দুই সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন।



