
বিশ্বের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান সৌদি আরামকো
বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান গড়ে নিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। গত ১২ মাসে কোম্পানিটির মোট লাভের পরিমাণ দাঁড়ায় ২৭৯ দশমিক ৪ বিলিয়ন ডলার। কোম্পানির বাজার মূলধন হিসাব করে এমনটা দেখা যায় বলে আরব নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, সৌদি আরামকোর মোট লাভের পরিমাণ অ্যাপল, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ও মাইক্রোসফটের সম্মিলিত লাভের সমান।
মুনাফা ইনডেক্সে বাজার মূলধনের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় লাভজনক অবস্থানে রয়েছে মার্কিন প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছরের জুনের শেষ নাগাদ গত ১২ মাসে অ্যাপলের মোট লাভের পরিমাণ ১২০ দশমিক ৫ বিলিয়ন ডলার।
এ সময়ে অ্যালফাবেটের লাভের পরিমাণ ছিল ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং মাইক্রোসফটের লাভের পরিমাণ ছিল ৮৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। কোম্পানি তিনটির মোট লাভের পরিমাণ ২৮৯ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা আরামকো চেয়ে মাত্র ১০ বিলিয়ন ডলার কম।
একই সময়ে মার্কিন প্রাকৃতিক গ্যাস সরবরাহ কোম্পানি অ্যাক্সনমবিলের লাভের পরিমাণ ছিল ৫৪ দশমিক ৮ বিলিয়ন ডলার এবং ব্রিটিশ জ্বালানি কোম্পানি শেলের লাভের পরিমাণ ছিল ৫৪ দশমিক ৪ বিলিয়ন ডলার।



