
মো. আশতাব হোসেন
কাজের অবসর আছে, আছে বিশ্রাম
নিদ্রার সমাপ্তি আছে জাগরণে,
যুদ্ধের শেষ আছে জয় পরাজয়ে
তৃষ্ণা পরিতৃপ্ত আছে নদীর মনে।
শান্তি অভিমান হিংস্রতা আছে জলধির
আছে উদারতা বুকে জল বিলাবার,
আগুনের দাউদাউ আছে দহনের নেশায়
আনে ধ্বংস আনে কল্যাণ করে ছারখার।
সবার ভাবনা আছে নীরব দোদুল্যমান
সময়ের চঞ্চল অলস পরিধি জুড়ে,
যায় না সঙ্গ ছেড়ে ছড়ায় হৃদয় উনুনে
জীবনের প্রতি ধাপে ঘুরে ঘুরে ।
কোনো ভাবনা লাগামহীন চলছে বেগে
আবার কোনোটা স্থির উজ্জ্বল হয়ে,
অকাতরে লোভের ঢাকান বন্ধ করে
অমরত্বের পৃষ্ঠে যাচ্ছে বয়ে।
সবাই তো ভাবে কারো নেই অবকাশ
তেতো লোনা মিষ্টি সৌরভ মেখে,
সবারই ভাবনা বটে চলছে অবিরাম
কারো যাবে পচে কারো যাবে থেকে।
আমার ভাবনার নেই ধার ভোঁতা তলোয়ার
জ্বলে পুড়ে ছাই হয় কাষ্ঠের মতন,
হয় তেজ দীপ্ত অধিকতর খাওয়ার তরে
হৃদয়ের প্রমত্ত অগ্নি উনুন।



