
ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আগামীকাল ৩০ ডিসেম্বর রোববার। একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে ও রাজধানীতে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকার ১৫ আসনে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীও। রাজধানীতে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় ৫ হাজার পুলিশসহ মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় এবং সতর্ক আছে। নাশকতাসহ নির্বাচন বানচালের কোনও চেষ্টাই সফল হবে না।
রাত পোহালেই ভোট গ্রহণ শুরু। সকাল ৮টা থেকে টানা ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপিসহ ঐক্যফ্রন্টের প্রার্থী ৩০ জন। এছাড়া অন্যদল ও স্বতন্ত্র মিলিয়ে প্রায় ১৩১ জন প্রার্থী রয়েছেন।
সারাদেশের মতো রাজধানীতেও ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকার ১৫ আসনে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। দুদিন আগে প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর রাজধানীর কোথাও কোনও সহিংসতার খবর পাওয়া যায় নি। যে কারণে নির্বিঘ্নে ভোট দানে ভোটারদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শুক্রবার রাতে রাজধানীর নির্বাচনী আইন-শৃঙ্খলার বিষয়ে বলেছেন, ‘রাজধানীর ১৫টি সংসদীয় আসনের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৫ হাজার পুলিশ কর্মকর্তা ও সদস্য এখানে সক্রিয় আছেন। সেই সঙ্গে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে। মাঠে আছে গোয়েন্দা কর্মকর্তারাও। সুতরাং বুঝতেই পারছেন, আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে, সতর্ক আছে। নাশকতাসহ নির্বাচন বানচালের কারও কোনও চেষ্টাই সফল হবে না।’
নির্বাচনী প্রচার-প্রচারণায় সারাদেশে কিছু সহিংসতার ঘটনা ঘটলেও দুদিন আগে প্রচারণা শেষ হওয়ার পর সারা দেশে কোনও সহিংসতার খবর পাওয়া যায় নি। দেশের সবাই এখন নির্বাচনমুখী। সবারই প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে সরকার গঠিত হোক। উৎসবমুখর পরিবেশেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হোক।



