প্রধান খবরবাংলাদেশ

ভোট প্রত্যাখ্যান, পুনর্নিবাচন দাবি ড. কামালের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে ‘কথিত’ ফলাফল উল্লেখ করে এই ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান তিনি।
 
রোববার নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ড. কামাল। 
 
এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান ড. কামাল। সারাদেশে ভোট ডাকাতি হয়েছে দাবি করে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দেশের প্রায় সব আসন থেকেই একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। ফলে এ পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এ অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এ প্রহসনের নির্বাচন বাতিল করা হোক। এ নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি।’
 
ড. কামাল বলেন, আগামীকাল আমাদের করণীয় নিয়ে বসবো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আন্দোলন অব্যাহত থাকবে।
 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে জাতীয় ঐক্যফ্রন্ট অতীতের শত তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতা সত্ত্বেও অনেক আশা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। আমাদের আশ্বস্ত করা হয়েছিল, তফসিল ঘোষণার পরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী, নেতা-কর্মীদের হয়রানি করা হবে না। মিথ্যা ও গায়েবি মামলা দায়ের কিংবা গ্রেফতার করা হবে না।
 
দেশের প্রবীণ এই আইনজীবী আরও বলেন, আজ ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য সমগ্র দেশবাসী যখন প্রস্তুত, তখনই আমরা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে একের পর এক খবর পাই যে, গতকাল রাতেই আওয়ামী দুর্বৃত্তরা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সহায়তায় নৌকা মার্কায় সিল মেরে বাক্সে ভরে রাখে। তিনি আরো বলেন, আজ পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা হয়েছে এবং বেশ কজন সাংবাদিক আহত হয়েছেন।
 
এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। এটি নির্বাচন নয়, প্রহসন। তিনি বলেন, অনেকে বলেছে, ২০১৪ সালে আমরা নির্বাচনে না গিয়ে ভুল করেছিলাম। এই নির্বাচন প্রমাণ করছে, ২০১৪ সালে নির্বাচন না যাওয়াটা সঠিক ছিল। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
 
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension