
এম এইচ মুকুল
মানুষ গড়ার মানুষ খুঁজি পাড়ায় পাড়ায়,
চলতে চলতে ক্লান্ত পা তার শক্তি হারায়।
সেই মানুষকে খোঁজতে তবু চলছি ছুটে,
যার পরশে অন্ধকারে আলো ফুটে।
যার কথাতে দুখীজনে দুঃখ ভুলে,
হাসতে পারে অনাথ শিশু প্রাণটি খুলে।
এমন মানুষ খুঁজি আমি বিশ্ব জুড়ে,
যার জন্য মোর ভালোবাসা অন্তঃপুরে।
যে মানুষটা ন্যায়ের পক্ষে করবে লড়াই,
ভেতরবাড়ি থাকবেনা তাঁর কোনো বড়াই।
উঁচু নিচু সব জনই তাঁর বন্ধু হবে,
বৈসম্যতার ভাঙবে দেয়াল ভাঙবে তবে।
সমাজটাকে বদলে দিতে সেইতো পারে,
তাইতো অধীর পথিক আমি খুঁজি তাঁরে।
মানুষ গড়ার সেই মানুষকে যেদিন পাবো,
সেদিন আমার ক্লান্ত চোখকে ঘুম পাড়াবো।



