বাংলাদেশ

মেডিকেলে ২ বছর ইন্টার্নশিপের প্রস্তাব বাতিল হচ্ছে

রূপসী বাংলা নিউজ ডেস্ক: মেডিকেল শিক্ষার্থীদের বিরোধিতার মুখে ইন্টার্নশিপ দুই বছর করার সরকারি প্রস্তাব বাতিল করা হচ্ছে। এ সংক্রান্ত নীতিমালার খসড়াটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরানো হয়েছে। রোববার উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইটে দেওয়া খসড়াটি দেওয়া হয়েছে, সেটি চূড়ান্ত নীতিমালা নয়।

এতে বলা হয়, ‘মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট এর এমবিবিএস/বিডিএস কোর্সের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপ প্রশিক্ষণ ও ভাতা প্রদান সংক্রান্ত একটি খসড়া নীতিমালা অংশীজনদের সাথে প্রাথমিকভাবে আলোচনা করে মতামতের জন্য ওয়েবসাইটে প্রদর্শন করা হয়েছিল। এটি খসড়া নীতিমালা, চূড়ান্ত কোন নীতিমালা নয়। নীতিমালাটি চূড়ান্ত করার নিমিত্তে অংশীজনদের সাথে আরো আলোচনার প্রয়োজন রয়েছে।’

এরই মধ্যে যারা মতামত দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে খসড়াটি ওয়েবসাইট থেকে আপাতত প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

‘সকল অংশীজনদের সাথে আলোচনা করে চূড়ান্ত করার পূর্বে আবার ওয়েবসাইটে প্রদর্শন করা হবে,’ বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত এই নীতিমালা প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. শহিদুল্লাহ বলেন, মন্ত্রণালয় দুই বছরের ইন্টার্নশিপের বিষয়টি মতামতের জন্য তাদের ওয়েবসাইটে দিয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট চিকিৎসকদের ইন্টার্নশিপ এক বছরের পরিবর্তে দুই বছরের প্রস্তাব করে খসড়া নীতিমালা করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে মতামতের জন্য ওয়েবসাইটে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়। এরই মধ্যে খসড়া এই প্রস্তাবনার বিরুদ্ধে চিকিৎসক এবং মেডিক্যাল শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (৩১ আগস্ট) স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেন। এ সময় তাদের সমর্থন দেন সব মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension