
মেফিস্টোফেলিস আজ আমাদের সকলের ঘরে দেয় উঁকি
গ্রহণ লেগেছে সূর্যে বেচারা ফাউস্ট প্রতারিত পৃথিবীতে;
দিনের আঁধারে তাই শয়তান দেখালো তাহার বুজরুকি
রূপসীর রূপ ধরে ডাকিনী নিয়েছে পুরুষের মন জিতে।
বিদগ্ধ বিদ্বান চোখে দেখে লোভ-লালসার মুগ্ধ মায়াজাল
বারবণিতার হাসি পবিত্র প্রেমের পৌরাণিক প্রহসন;
বাজারে বিকায় বধূ সংসারে সততার অসীম আকাল
জ্ঞান-বৃক্ষের রসালো ফলে মিথ্যার মড়ক লেগেছে ভীষণ।
শয়তান পাশা খেলে মানুষের মন নিয়ে বিধাতার সাথে
আধুনিক অন্ধকার আমাদের নিয়ে যায় নরকের দ্বারে
এখন পুরুষ নেই আছে কিছু কলঙ্কিত কাপুরুষ কাক।
মহাকালে বিষ ঢালে বহুরূপী কালসাপ জাদুর আঘাতে
যুথচারী পাতকিনী পৃথিবীতে ফিরে আসে রাতের আঁধারে
মাঝে মাঝে যেন কানে বাজে সুরেলা সার্সির সম্মোহনী ডাক।



