
মমতা মজুমদার
পৃথিবীর নিয়ম ভেঙে,
দুর্বার গতিতে ছুটে চলছে সময়ের পাগলা ঘোড়া!
দিন যাপনের দোসর প্রতিকূল স্মৃতির খোরাক।
অসহনীয় চাপে কান্না লুকাতে ব্যতিব্যস্ত এই যান্ত্রিক শহর।
কংক্রিটের বুকে তপ্ত বালির দানা, লুটে আছে
যেন হাহাকার করে।
বহমান জীবনে বারংবার বয়ে যায় রক্তের নহর।
উত্তপ্ত আঁচে চলে গেছে একটা পোড়া ফাগুন।
হৃদয়টা চুপসে আছে, অজানা শোকে হতবিহ্বল হয়ে।
জীবনের গলিতে অচেনা মানুষের সাথে
হঠাৎ মুখোমুখি হয়ে যায় কতশত পথের পথিক
কেউ নেই কারো চেনা, এই পৃথিবীর যাত্রা পথে!
কখনো পথ ধরে হেঁটে চলা মুহূর্তে কথা হয় না কারো সাথে।
নিদারুণ বয়ে যায় স্রোতের বিপরীতে বিরামহীন সময়।
ক্ষণিকের অতিথি হয়ে, পথের ধুলো মাড়িয়ে চলে
গন্তব্যের শেষ ঠিকানায়।



