
শাহানাজ শিউলী
সবুজ মাঠের ঘাসের ওপর আনন্দের এক রোল,
কী অপূর্ব মেসির পায়ের ম্যাজিক করা গোল!
জাদু তো নয়, ছন্দমাখা দুখান পায়ের খেলা—
জাদুর টানে বসল মাঠে মেসির গোলের মেলা।
সবাই যখন ভাবছে এবার থামবে বুঝি গতি,
মেসি তখন ছড়িয়ে দিল জাদু পায়ের জ্যোতি।
বাঁ পায়ের ওই জাদুর ছোঁয়ায় বলটি যখন ছোটে,
সব মানুষের মুখে তখন খুশির হাসি ফোটে।
শ্বাসরুদ্ধ সেই প্রহরে, থমকে ছিল রাত,
ভক্তরা সব চেয়েছিল মেসির পায়ের ঘাত।
লড়ছে মিশর বীরের মতো, মানতে হবে ভাই,
আমি বড়ই ভক্ত মেসির, মন মানে না তাই!
প্রথম গোলে ভক্তদের সব থামল যে উচ্ছ্বাস,
নীল-সাদার ওই গ্যালারিতে থমকে গেল শ্বাস!
দ্বিতীয়বার বলটি যখন জড়িয়ে গেল জালে,
বুকটা সবার দুরুদুরু— কী আছে আজ ভালে!
সব দলেরই সেরা সেরা আছে কয়েকজন,
তাদের খেলাও দেখলে যেন কেঁপে ওঠে মন।
থাকলে সেরা ও ছয়টি ম্যাচে মেসির হলো জয়,
সহযোদ্ধার যুদ্ধ দেখে কাটল মনের ভয়।
শেষ মুহূর্তের গোল তো নয়— এক ঝলক আলো,
চোখের কোণে স্বপ্ন নেমে জয়ের অশ্রু এলো।
রক্তে দোলা দিল হঠাৎ এক পশলা সুখ,
গর্বেতে আজ বুক ফুলিয়ে হাসল সবার মুখ।
আকাশপানে দুহাত তোলা সেই চেনা এক হাসি,
সোনার বিশ্বকাপটি এবার নেবে মোদের মেসি।
গোল, গোল, গোল! উল্লাসে তাই ফাটছে চারিপাশ,
মেসির পায়েই তৈরি হলো এক নতুন ইতিহাস!



