
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী বরখাস্ত
যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়াটেংকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বাড়তে থাকা রাজনৈতিক চাপ এবং বাজার নিয়ে বেসামাল পরিস্থিতির মধ্যে শুক্রবার তিনি বরখাস্ত হলেন।-দ্য গার্ডিয়ান
যুক্তরাজ্যে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর পদে থাকা দ্বিতীয় ব্যক্তি তিনি। তার আগে যুক্তরাজ্যের সবচেয়ে স্বল্পকালীন অর্থমন্ত্রী ছিলেন আয়ান ম্যাকলিওড। ১৯৭০ সালে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাত্র ৩০ দিনের মাথায় মারা যান।
আর কোয়াটেং বরখাস্ত হলেন দায়িত্ব নেওয়ার মাত্র ৩৮ দিন পর। তার জায়গায় এখন চ্যান্সেলর পদে আসতে পারেন জেরেমি হান্ট, যিনি একসময় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সরকারের ভেতর মহল থেকে কয়েকজন এমন আভাসই দিয়েছেন।
লিজ ট্রাস এবং কোয়াসি কোয়াটেং মিলে যে অর্থনৈতিক পরিকল্পনা দাঁড় করিয়েছিলেন তাতে যুক্তরাজ্যে বাজারের ওপর চাপ পড়ার পাশাপাশি পাউন্ডের অবমূল্যায়ন ঘটেছে। বৈশ্বিক অর্থনৈতিক সংস্থাগুলো থেকে সতর্কবার্তাও এসেছে।
কোয়াটেং গত ২৩ সেপ্টেম্বরে তার অর্থ পরিকল্পনা নিয়ে যে মিনি-বাজেট পেশ করেন তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তিনি সরকারের ট্যাক্সের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে ঋণ গ্রহণ বাড়ানোর পরিকল্পনা জানিয়েছিলেন, তাতেই মূলত চাপে পড়ে ব্রিটেনের বাজার। পাউন্ডের অবমূল্যায় হয় দ্রুত।
শেষ পর্যন্ত সেই মিনি-বাজেটের জেরেই চাকরি খোয়াতে হল কোয়াটেংকে। তাকে বরখাস্ত করার কঠিন সিদ্ধান্ত নিতে হল লিজ ট্রাসকে।



