প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাত, ১২ রাজ্য বিদ্যুৎবিচ্ছিন্ন, নিহত ২

যুক্তরাষ্ট্রে প্রায় এক সপ্তাহ ধরে চলছে শীতকালীন ঝড়। শুক্রবার ভয়াবহ আকার ধারণ করে এই ঝড়ের মাত্রা। রাস্তাঘাট ঢেকে গেছে বরফের পুরু আস্তরণের নিচে। তীব্র তুষারপাত, হাড় কাঁপানো শীত, চাবুকের মতো ঠাণ্ডা বাতাসে যুক্তরাষ্ট্রে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বাতিল করা হয়েছে ২ হাজারেরও বেশি ফ্লাইট। প্রায় ৭ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

তীব্র ঝড়ে দেশটির ১২টি রাজ্য বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। ৪ লাখেরও বেশি মানুষ এখনো অন্ধকারে। পরিস্থিতি বেগতিক দেখে জরুরি অবস্থা জারি করেছেন আরাকানসাস রাজ্যের গভর্নর। আইওয়া রাজ্যে নির্বাচনি প্রচার বাতিল করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন, রয়টার্স।

সপ্তাহজুড়ে তাপমাত্রা হিমাঙ্কের কাছে নেমে যাওয়ায় এসব অঞ্চলে শুক্রবার থেকেই সতর্কতার মুখে রয়েছেন প্রায় ৭ কোটি মানুষ। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত বাতিল করা হয়েছে ২ হাজার ৫৮টি ফ্লাইট। এ ছাড়া বিলম্বিত হয়েছে ৫ হাজার ৮৪৬টি ফ্লাইট। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা বাণিজ্য।

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশেই প্রায় সপ্তাহজুড়ে অব্যাহত রয়েছে এই প্রবল ঝড় ও মারাত্মক তুষারপাত। রাস্তাঘাট ঢেকে গেছে বরফের পুরু আস্তরণের নিচে। আইডাহোতে তুষার ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া উইসকনসিনের এক ব্যক্তি তার ড্রাইভওয়েতে তুষারপাতের সময় মারা গেছেন। উইসকনসিনে মিলওয়াকি কাউন্টি মেডিকেল পরীক্ষকের কার্যালয় শুক্রবার বিকালে বলেছে যে, ৬৯ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যুর তদন্ত করা হচ্ছে, যিনি ফ্র্যাঙ্কলিনে তার ড্রাইভওয়েতে তুষারপাতের সময় নিস্তেজ হয়ে পড়ে ছিলেন।

শিকাগোর শহরতলিতে এদিন তীব্র শীতে এক ব্যক্তির মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ। চলতি মৌসুমে শিকাগোতে ঠাণ্ডাজনিত প্রথম মৃত্যু হিসাবে এটিকে দেখা হচ্ছে। পরিচয় প্রকাশিত না হওয়া সেই ব্যক্তিকে বৃহস্পতিবার শিকাগোর শিলার পার্কের কাছে পাওয়া গেছে বলে জানিয়েছে কুক কাউন্টি মেডিকেল পরীক্ষকের দপ্তর। ময়নাতদন্তে দেখা গেছে যে, তার মৃত্যু ঠাণ্ডাজনিত কারণেই হয়েছে। মন্টানা সীমান্তের কাছে আইডাহোতে বৃহস্পতিবার বিকালে তুষার ধসে আটকা পড়ার পর দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে তৃতীয় ব্যক্তিকে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হচ্ছে। বুধবার ক্যালিফোর্নিয়ায় তুষারপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

লেক তাহোয় স্কি রিসোর্টে তুষার ধসে তার মৃত্যু হয়েছে। দক্ষিণ-পশ্চিম মিনেসোটা এবং উইসকনসিনের গ্রিন বে এলাকাসহ কিছু জায়গায় তুষার ঝড়ের সতর্কতা জারি রয়েছে। মিলওয়াকি অঞ্চলের জন্য আবহাওয়ার পূর্বাভাসে শনিবার সকাল পর্যন্ত ঘণ্টায় ৪০ মাইল বেগে ঝড়সহ ভারি তুষারপাতের কথা বলা হয়েছে। মিশিগানে তীব্র ঝড়ে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন বাসিন্দারা। পাওয়ার আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট অনুসারে, ১ লাখ ৩০ হাজারেরও বেশি গ্রাহক আছেন বিদ্যুৎবিহীন অবস্থায়। অন্যদিকে ডাকোটাতে ঠান্ডাই হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।

শুক্রবার সকালে উত্তর ডাকোটার বিসমার্কে তাপমাত্রা ছিল মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার তাপমাত্রা আরও কমে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এলিয়ট নামের একটি শীতকালীন ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়েছিল অঞ্চলটির বিদ্যুৎ ও জ্বালানি শিল্প। সেখানে বেশকিছু দিন বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ছিলেন বাসিন্দারা। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহে আঘাত হানা ঝড়টি শীতকালীন ঝড় এলিয়টের থেকেও বেশি প্রভাব ফেলবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension