
শাহজাহান খানের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
ছাত্র আন্দোলনের সময় (৪ আগস্ট) গুলিতে আব্দুল মোতালিব নিহতের ঘটনায় রাজধানীর ধানমণ্ডি থানার হত্যা মামলায় সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. খোকন মিয়া এ আবেদন করেন।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)।
পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।



