নিউ ইয়র্ক

শিক্ষার্থীদের বিশেষ সুযোগ বন্ধে মামদানির প্রস্তাব ঘিরে সমালোচনা

শাহ্ জে. চৌধুরী

গিফটেড প্রোগ্রাম বাতিলের প্রস্তাবকে অনেকে বলছেন সমতার নামে প্রতিভা দমন

নিউ ইয়র্ক, অক্টোবর ৩— নিউ ইয়র্ক সিটির শিক্ষাব্যবস্থায় ‘গিফটেড প্রোগ্রাম’ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রগতিশীল নেতা ও মেয়র প্রার্থী জোহরান মামদানি সম্প্রতি প্রস্তাব করেছেন, কিন্ডারগার্টেন থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত প্রাথমিক গিফটেড প্রোগ্রাম ধীরে ধীরে বাতিল করা হোক, যাতে সকল শিক্ষার্থী সমান সুযোগ পায়।

তবে এই প্রস্তাবকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষাবিদ ও অভিভাবকরা বলছেন, সমতার নামে প্রতিভা দমন করা ঠিক হবে না। তারা মনে করছেন, গিফটেড প্রোগ্রাম না থাকলে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষার সুযোগ হারিয়ে যাবে এবং তাদের বিকাশে বাধা সৃষ্টি হবে।

ওয়াশিংটন পোস্টের একটি মতামত কলামে উল্লেখ করা হয়েছে, বর্তমান গিফটেড প্রোগ্রামগুলোর প্রবেশাধিকার নিয়ে সমালোচনা থাকলেও, সমাধান হওয়া উচিত বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করা ও ন্যায্য বাছাই প্রক্রিয়া চালানো, প্রোগ্রাম বাতিল নয়। সেখানে সতর্ক করে বলা হয়েছে, “শিক্ষার সুযোগ সীমিত করে সমতা আনার চেষ্টা নীতিগতভাবে বিপজ্জনক।”

সমর্থকরা বলছেন, বর্তমান গিফটেড প্রোগ্রাম মূলত সচ্ছল পরিবারের শিক্ষার্থীদের সুবিধা দেয়। তাই নতুন কাঠামোর মাধ্যমে অধিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

এই বিতর্ক ইতিমধ্যেই নির্বাচনকে প্রভাবিত করতে শুরু করেছে। বিশেষ করে অভিবাসী সম্প্রদায় ও মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে এ নিয়ে ভিন্নমত দেখা যাচ্ছে। কেউ মনে করছেন, এটি শিক্ষাব্যবস্থাকে ন্যায্য করবে; আবার অনেকে আশঙ্কা করছেন, এর ফলে প্রতিভাবান শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে।

এখন দেখার বিষয়, এই বিতর্ক কেমন প্রভাব ফেলে আসন্ন নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে।

সূত্র: Washington Post

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension