কবিতাসাহিত্য

শুনেছ শুভেন!

নাজমুন টুনি

শুনেছ শুভেন!
বাংলাদেশ খুব প্রসিদ্ধ বিপণিমালা।
এ বিপণিমালায় স্বাধীনতার বেচাবিক্রি হয়।
আমি একবার কিনেছিলাম রক্তের বিনিময়ে।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই পসরায়
এরপর চেতনার কেনাবেচা শুরু হয়।
আমি এটাও কিনেছি,
আমার বোধের বিনিময়ে।

বিপণিমালায়
মিছেদের খুব রমরমা হয়েছে আজকাল।
খুউব চাহিদা হয়েছে মিছামিছি কথাদের।
থরে থরে সাজানো সব মিথ্যা।
লাল নীল সাদা কালো রঙিন মিথ্যা।
শস্য দানার বদলে উতরে উঠে মিছে পণ্য।
দোকানির মৃত্তিকা ঝাঁঝড়া কামড়ায়
সত্যরা ঝরে পড়ে থাকে তলানিতে।
ক্রেতাদের চাহিদায় তলানির পণ্য নেই,
আছে ওই বড় বড় দানার মিছে গল্প।

জানো শুভেন,
সবচেয়ে বেশি ভিড় কোন্‌ বিপণিতে ?
মার্কেট কোণার ছোট্ট গুজবের দোকানটায়।
ওখানে তুমি ঘন্টার পর ঘন্টা লাইন লাগিয়ে
শুধু গুজব কিনবে।
দাম‌ও যে কম।
বিনিময় সামান্য…
শুধু বিবেক।
রক্ত নয়; বোধ নয়।
শুধুই তোমার বিবেক।
একটু বিবেক খরচ করে একটা গুজবের সাথে
আরো অনেকগুলো ফ্রি পাবে।

বলতে পারো শুভেন?
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বিপণিমালার
সাজানো সব‌ই তো কিনলাম
তবুও কেন বাগানটা এত অগোছালো?
শুনেছি সাজানো বাগানে
রক্তের বিনিময়ে স্ব‌অধীনতা থাকে,
বোধের বিনিময়ে আত্মচেতনা থাকে,
ভালোবাসা থাকে,
আপনাপন নাড়িটান থাকে,
স্বপ্রেমের আখ্যান থাকে।
থাকে না কেবল মিছেদের পসরা।
হয়না কেবল বিবেকের বিনিময়।

তবে কি নিছক এই বিপণিবিতান?
নিছক আমার আসা যাওয়া?
সাজানো বাগানের খোঁজে
তবে বন্ধ হোক এর কেনাবেচা।
বন্ধ হোক ভুল আসা যাওয়া।
স্বপ্রেম, স্ব‌অধীনতায়, সগর্বে টিকে থাকুক
ছাপ্পান্ন হাজার বর্গমাইল।
আমার বাগান,
আমাদের বাগান,
প্রিয় বাংলাদেশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension