
আহম্মদ হোসেন বাবু
সবকিছু ফেলে দৌড়াই জীবনের কাছে
জীবন স্মরণকে দেখে, মিটি-মিটি হাসে!
আমরা ভাসতে থাকি হাসতে থাকি সন্ধ্যাকাশে
হাসে অরণ্য-বীথিকা, জীবনের নাচে!
সবকিছু ফেলে দৌড়াই জীবনের কাছে
জীবননির্ঝরিণী, লীলা সঙ্গী পাশে—
চৈতি জ্যোৎস্না রাতে মগ্ন লাবণ্য-বিলাসে
যৌবনকাব্যগাথা গন্ধে, উৎসব সাজে!
চোখের ভেতরে প্রেম, চন্দনে সৌরভে
লুকিয়ে রাখে স্মরণ, যমুনা কল্লোলে!
বাসনা-বাঁশরী বাজে প্রণয় কলরবে
সুখ-সন্ধ্যা-সমীরণে জীবন হিল্লোলে!
জীবনের কণ্ঠে মালা, ফুল্ল-মুখ-খানি
পৃথিবীতে তোমাকেই সত্য বলে মানি।



