
সিলেটে ৪ জঙ্গি গ্রেফতার
বান্দরবনের পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার শুরা সদস্য ও দাওয়াতী শাখার প্রধান আব্দুল্লাহ মায়মুন ওরফে মুমিনসহ ৪ জঙ্গিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৯ এর যৌথ অভিযানে সিলেটের বড়শালা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মায়মুন ওরফে সিলেটের শায়েখসহ পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
গ্রেফতারকৃত বাকি জঙ্গিরা হলেন- ফরিদপুর চরভদ্রসন এলাকার আবু জাফর ওরফে তাহান, চাদপুর মতলব উত্তরের আক্তারকাজী ওরফে সাইদ ও গোপালগঞ্জের মকদেসপুর এলাকার সালাউদ্দিন রাজ্জাক মোল্লা। আব্দুল্লাহ মায়মুন ওরফে মুমিনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় বলে জানায় র্যাব।



