
অনেক বৃষ্টির রাত ধুয়ে নিয়ে গেছে অনেক গভীর গান
জোছনার অপরূপ আলো একদিন মরে যাবে বেদনায়;
স্মৃতির পাতায় দোলে কোন এক বালিকার ধূসর আহ্বান
কোন এক নক্ষত্রের রাতে ভোরেছে পেয়ালা কানায় কানায়।
কাহারা এখন পাঠ করে কাহার প্রেমের পবিত্র পাঁচালি
পূর্ণিমার প্রতারণা নয় শুধু পৃথিবীর নিজস্ব নিয়ম;
জেনেছি এখন—আমি অতীতের প্রণয়ের নয়নের বালি
জীবনের আলো জ্বেলে হায় অনেক তারকা ফুরায়েছে দম।
অনেক নদীর শোকে নিদ্রাহীন রাত জাগে অনেক সাগর
যুবতীর যৌবনের রং যেন চিরায়ত প্রেমের কবিতা
রাতের রহস্য-গানে মানুষের মনে জাগে কামনার কলা।
সে-দিনের বালিকারা কবে জানি হয়ে গেছে দারুণ ডাগর
ভালোবেসে একদিন সুন্দরী সরমা ছিল মননের মিতা
হেঁটেছি একত্রে তবু এখন পৃথক আমাদের পথ চলা।



