
সোনাপুর মেট্রো স্টেশনের নাম আরএসএস প্রতিষ্ঠাতার নামে করার দাবি
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিভিন্ন শহর ও রেলস্টেশনে নাম পরিবর্তন করায় বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপিকে৷ কিন্তু সেই সব সমালোচনাকে গায়ে মাখতে নারাজ পদ্ম শিবির৷ তাই আবারও স্টেশনের নাম বদলের ভাবনা৷ এবার মুম্বইয়ের সোনাপুর মেট্রো স্টেশনের নাম বদল করে আরএসএস প্রতিষ্ঠাতার নামে করার দাবি জানালেন বিজেপি নেতা৷
মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন অথরিটির কাছে এই ‘আবদারটি’ করেছেন বিজেপি নেতা নীল সোমাইয়া৷ তিনি চান সোনাপুর মেট্রো স্টেশনের নাম বদলে করা হোক ডঃ কেবি হেগড়েওয়ার মেট্রো স্টেশন৷ এই হেগড়েওয়ার হলেন আরএসএসের প্রতিষ্ঠাতা৷ নীল সোমাইয়া আরও চান বান্দাপ এলাকার নামই বদল করে হেগড়েওয়ার চক রাখা হোক৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোমাইয়া জানিয়েছেন, এই নামগুলি ব্রিটিশদের দেওয়া৷ তাই এই নামগুলি পরিবর্তনের দাবিতে মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি৷’’
নাম বদল নিয়ে জনতার অবশ্য কোনও মাথাব্যাথা নেই৷ তাদের দাবি মেট্রোর কাজ দ্রুত শেষ হোক৷ এতে তাদের যাতায়াতের সুবিধা হবে৷ স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, এলাকাটি হেগড়েওয়ার চকের থেকে সোনাপুর হিসাবে বেশি পরিচিত৷ তবে নাম বদল নিয়ে তিনি বিশেষ চিন্তিত নন৷ শুধু মেট্রোটা চালু হোক৷
এই প্রথম নয়৷ এর আগেও স্টেশনের নাম বদলের চিঠি পেয়েছেন মেট্রো আধিকারিকরা৷ এক আধিকারিক জানিয়েছেন, ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের কাছে প্রস্তাবিত জেভিএলআর মেট্রো স্টেশনের নাম বাল থাকরে ট্রমা কেয়ার সেন্টার স্টেশন রাখার দাবি জানিয়েছিল শিবসেনা৷ এরকম নাম বদলের আর্জি এখনও আসে৷ কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার৷



