
পাহাড়ে বেড়ায় সখী, সমুদ্দুরে যায়
যাইতে যাইতে সখী আমার পিছন ফিরা চায়
কই যাও পরাণের সখী? কও, কিবা চাও?
যাওনের কালে পথের লগে কিবা থুইয়া যাও?
আকাশে উড়ান ভইরা বাতাসেতে ধাও
আন্ধার ঘরের কবাট মেইলা রোইদের দিকে চাও
চক্ষু ঝলসায়া যায়? ভাইবো না লো সই
গাছে পাতায় হাওয়া আইলে জ্বালা জুড়াইবোই।
আসমানের চালে ফোটে তারাদের ফুল
লুব্ধক আলোয় চৌদিক বেদিশা বেভুল
মাটিতে বিছানা পাইত্যা ঘাসের চাদ্দরে
ভরমণ বিরামে সখী ডুবে ঘুমঘোরে।
নিদ্রায় মগন সখী দেখিছে স্বপন,
চন্দ্রের আলোতে ঘেরা চন্দনের বন
ঝর্ণার রূপালী জল স্রোত হইয়া খেলে
বৃক্ষ ডালে অচিন পঙ্খী গীত গাইয়া চলে।
জোনাকির লুকোচুরি জোচ্ছনার সনে
বাতাসে ফুলের গন্ধ ভাসিছে সমানে
এমন মধুর দ্যাশও আছে দুনিয়ায়?
সজাগ থাইক্যা দ্যাখে নাই, দেখিছে নিদ্রায়।
পূবাকাশে সুয্য ওঠে হাসে চারিধার
জাগো সখী, কত ঘুম ঘুমাইবা আর?
বেলা দ্বিপ্রহর হইলো তবুও ঘুমাও?
স্বপনের মইধ্যে সখী কাহারে বিছরাও?
আর যাইওনা নিদ্রা সখী, উঠো এই বেলা
দিন শ্যাষে রাত্রি আইলো, জগতের খেলা
ওঠো সখী! আসমান দ্যাখো, মাটির পানে চাও
রাত্তির গিয়া দিন হইলো এইবার ফিরা আও-
দিন আইসে, রাত্র যায় পর্বতে সাগরে
জোনাই খ্যালে কানামাছি জ্যোস্নার আদরে
চন্দনের শাখে শত পঙ্খী গীত গায়
ঝরণার নিকটে আমার সখী নিদ্রা যায়।
আকাশ ছাদের তলে ঘাস-গালিচায়
মধুর স্বপ্পন দ্যাশে ঘুমায় বালিকায়
মাটির সোহাগ তাহার মাটি শরীরে
নীলা রঙগা ঘাসফুল চক্ষু ম্যালে ধীরে।
কত যে বেড়াইলা সখী, এখন কোথা আছো?
যাওনের কালে কত স্মৃতি পথে থুইয়া গ্যাছো
যাইতে পথে, তাই বুঝি দেখতে আছিলা
এক জনমের কথাগুলা পথে রাইখা গ্যালা।
কিবা কথা রাইখা গ্যালা পথের কিনার?
কোন্ ছন্দ হানে তীর বুকের মাঝার?
কোন্ দৃশ্য দেইখা ছিল অন্তর নয়ন?
কোন্ তাপে জ্বইলা সখীর খাক হইল মন?
কোন্ ব্যথা ঘাসফুলে নীলা রঙ আনে?
পঙ্খীর কণ্ঠে কী বেদন ছড়ায় আসমানে?
কী গহীন দুঃখে ঝরণা মাটিতে আছড়ায়?
চান্দি রঙ্গা জলস্রোত ঘোলাট কাদায়?
জোনাকির আলো ক্যান জ্বইলা নিভ্যা যায়?
জোচ্ছনার আলো ক্যান ম্যাঘে আন্ধারায়?
বাতাস ফুলের গন্ধ কোথা বিসর্জিল?
চন্দন বৃক্ষের পাখপঙ্খী কোথা বা উড়িল?
কিবা চাইয়াছিলা ঐ পাহাড়ের উঁচায়?
কিবা সন্ধান মিলে নাই নীল দরিয়ায়?
কিবা আশা হারাইয়াছো দিনের আলোতে?
কী যাচিয়া শয়ান হইছো চিরনিদ্রা স্রোতে?
কওগো পরাণের সখী, বইলা তুমি যাও
আল্লার দোহাই লাগে উত্তর কইয়া যাও।
কসম মাটি-বিছানার, কসম ঘুমের
উত্তর জানাইয়া যাইও আমার প্রশ্নের।



