
তাহমিদ হাসান
বৃষ্টিস্নাত জোছনার দীপ্তিমান রাত
সবুজ পাতায় চুম্বন এঁকেছে অপরূপ চাঁদ
মায়াবিনী মেঘ যেন লুপ্ত অকস্মাৎ
পূর্ণিমায় পরিপূর্ণ প্রেমের প্রসাদ।
তবুও পৃথিবী আনে দুর্বিনীত দুর্বোধ্য দুর্গতি
হেমন্তের হাহাকারে শীতের সকাল
রিক্ত ফসলের মাঠে মৃত প্রজাপতি
অন্তর্জলি যাত্রায় নিমগ্ন ম্রিয়মাণ মহাকাল।
অবিন্যস্ত অরণ্যানী বুকে তার ক্ষত
আদিম আকাঙ্ক্ষা আর হবে না পূরণ
আকাশে অশনি বাজে গম্ভীর উদ্ধত
নদী নাচে রৌদ্র তাপে নিশীথ নির্জন।
কামনায় তপ্ত মন বসন্ত বাতাসে
শরতের সাদা মেঘ ভাসে নীলিমায়
আদমের বুকে ইভ অমরার অপার্থিব ঘাসে
দাবানলে দগ্ধ দিন ধ্বংসের মহিমা দেখায়।
অহেতুক নয় কিছু বিধাতার মনে
অন্ধকারে আলো জ্বালে তারকার অপার অরণী
বিপ্রতীপ বাতাসের বাঁশি বাজে পৃথিবীর কোণে কোণে
স্বর্গেও কি শোনা যায় প্রাকৃতিক প্রগাঢ় মর্মর ধ্বনি!



