
তূয়া নূর
গাড়ির সামনে আমি একটা স্টিকার এঁটে রেখেছিলাম—
‘ফ্রিডম ইজ নট ফ্রি’
যুদ্ধ ফেরত, আহত ও অবসরে যাওয়া সেনাদের জন্য
কিছু টাকা পাঠিয়েছিলাম,
ধন্যবাদ স্বরূপ ক্যালেন্ডার ও এই স্টিকারটা পাঠিয়েছিল।
কথাটা আমার মাথার ভেতর তারকাঁটার মতো আটকে আছে।
ঘাম ঝরায়ে আয় করে কেনা কোনকিছুর প্রতি দরদ থাকে মানুষের।
বিনা কষ্টের জিনিষ হাওয়ার মতো, কোন মায়া দরদ নেই।
স্বাধীনতা পথে কুড়িয়ে পাওয়া এমন কিছু নয়।
স্বাধীনতার মানে কি—
এখনো যারা প্রাণ দিচ্ছে স্বাধীনতার জন্যে
তাদের চোখে চোখ রেখে জেনে নিও।
তুমি তখন জগত সংসার হাতের মুঠোয়
অকেজো কাগজের মতো দলামলা করে
পাগলের মতো বিড়বিড় করে বলতে থাকবে—
ফ্রিডম ইজ নট ফ্রি।



