
হাফিজুর রহমান
অনেকেরই উপকার করে – প্রতিদান পাইনি,
না, এতটা মিথ্যে কথা – বলতে পারি না আমি!
অকৃতজ্ঞ আমি নই, মনে রাখতে জানি;
ভুলতে পারি না বলেই – হয়ত ভুলি না,
লজ্জা লাগে জানাতে এতটা বেশি অর্জন;
তাই – হয়ত বলতে পারি না,
জমে ঠিক, কতটা বড় হয়েছে অবহেলার স্তুপ।
দিতে-দিতে সর্বস্ব দিয়ে যদি নিঃস্ব হয়ে যাই,
নিঃস্ব মানুষটার কথা হয়ত কেউ ভাববে না!
অভিমানের ভারি ঝুলিটা – ঝুলিয়ে দিয়ে ঘাড়ে
নিজের সফলতার নানান, কেচ্ছা শোনাবে।
আমি একনিষ্ঠ দেখার দর্শক, মনোযোগী শ্রোতা
আমাকে হাসতে হয় – হাততালি দিতে হয়;
আমার যেন নির্বাক দৃষ্টিতে এক, ভিন্ন নাট্যমঞ্চ।



