
জসীম উদ্দীন মুহম্মদ
ছাদের কিনারে দাঁড়িয়ে ছিল একটি চাঁদ
তার চোখে জল, নাকি আদিম পাপ?
অত:পর বৃষ্টি নামল, অজস্র কাঁচের টুকরো
ভেসে যাচ্ছে রাস্তার ল্যাম্পপোস্টগুলো।
পুরনো টেলিফোন বুথের ভেতর থেকে
কে যেন ডাকছে নিরন্তর, ফিসফিস করে
আর বলছে, “মানুষেরা সব পিঁপড়ে হয়ে গেছে,
ভিজে বালিতে এখন তাদের গোপন ঘর।”
একটা বিশাল ছাতা খুলে আছে আকাশ
তার নিচে দাঁড়িয়ে ছিল নিরাকার সময়
এখন ঘড়ির কাঁটাগুলো সব থেমে গেছে
আর আমিও যেন এক টুকরো ভিজে রুমাল
শুষে নিচ্ছি পৃথিবীর সব গোপনীয় ক্রন্দন।
এ যেন বৃষ্টি নয়, এ যেন স্মৃতির অববাহিকা
ভাসিয়ে নিয়ে যায় সব ভুলে যাওয়া গান
অবশেষে শেষ ট্রামটাও চলে গেল শূন্য স্টেশন
ছেড়ে আর পিছনে পড়ে রইল…খতিয়ান
শুধু বৃষ্টিতে ভিজে যাওয়ার একরাশ নীরবতা।



