
মমতা মজুমদার
ভাদ্র মাসে শিউলি হাসে
গাছে পাকে তাল
নীল আকাশে মেঘের সাথে
উড়ে নৌকার পাল।
শরৎ আসে সবুজ ঘাসে
ফুটেছে কাশফুল
কৃষক হাসে ফসল ফলে
মধুর সমতুল।
ফড়িং হাসে ফুলের বনে
পাশে নদীর ঢেউ
সবুজ রঙের টিয়ে হাসে
দেখে ময়না কেউ।
আকাশ হাসে রৌদ্র হাসে
ঝিলিক মেখে গায়
প্রজাপতি উড়ে হাসে
মেঘের বাড়ি যায়।
পুকুর পাড়ের রাজহাঁস হাসে
জলে দিয়ে ডুব
জেলে হাসে মাছের খেলায়
ময়ূর নাচে খুব।
খেতে খেতে ফসল হাসে
সবুজ বরণ রং
আহা! কী অপরুপ হাসি
করছে যেন ঢং।
আমার গাঁয়ের সবুজ মাঠে
কত হাসির খেলা
মন কাড়া ওই বাতাসে তাই
কাটছে সারাবেলা।



