
পথ চলে গেছে পথের নিয়মে
নিয়তি খুলেছে মরণের দ্বার;
সাগরের জল শুকালে কি কমে
বরষায় ভরে পৃথিবী আবার।
কোথায় গালিব কোথায় আকাশ
কোথায় আমার নদীর কিনার?
ধূসর হয়েছে পৃথিবীর ঘাস
ছিঁড়ে গেছে তার স্মৃতির বীণার।
পূরণ হলো না মনের খেয়াল
ফাগুনের ফুল করেছে বিধুর;
পথের দু’ধারে দেখেছি দেয়াল
বধূর ললাটে শোণিত-সিঁদুর।
আকাশ মেখেছে তারকার আলো
পাখির ডানায় উড়ে যাবে শোক;
নদীর জোয়ার অনেক জোরালো
ভেসে গেছে তাই কালের অশোক।
হে হাফিজ তুমি কেন নিশ্চুপ
গান ভুলে গেছে বহু বুলবুল;
দেখেছি অনেক বেদনার রূপ
অপার আঁধারে নেই কোন কূল!



