
মুকুল হোসেন
আমি বুঝেছি একটু দেরি হলেও
তোমার হৃদয়ের অধ্যায় আর–
আমার হৃদয়ের অধ্যায় একদম আলাদা,
যেমন আলাদা কচুর পাতার পানি।
কখনো মিশে হয় না একাকার।
তোমার বাসনার সুবাস আগেই পেয়েছিলাম
তুমি চাইতে তোমার হৃদয় যেনো না জড়াই,
অথচ আমার সংকল্প ছিলো
আমি রয়ে যাই যুগে যুগে
তোমার হৃদপত্রের সবখানি জুড়ে।
তোমার পাতানো হৃদয়ের
সকল অধ্যায় আমার পড়া শেষ,
তোমার অজান্তে আমার বিচরণ ছিলো
তোমাকে পড়ে নিজেকে চিনে নেওয়া।
তোমার হৃদয় আমার হয়নি আসন
হয়তো আমার আগেই কেউ আসন গড়েছিলো।
আমি জোরপূর্বক থেকে যেতে চেয়েছি বলে
তুমি সইতে পারতে না সে থাকা,
অসহ্য বোধ হইত।
আর এ জন্যই তুমি দূরে ঠেলে দিলে,
আমি বিতাড়িত হয়ে বুঝলাম
দুই হৃদয়ের একই ধারায় প্রবাহিত না হলে
ওঠে না সেখানে সুখের তরঙ্গ শান্তির বায়ু



