
বাবু হক
সময়ের হাত ধরে হেঁটে যাই
দিগন্তের ওপারে ;
যেতে যেতে স্মৃতি বিস্মৃতির
কত গান কত কথা খুঁজি
বাতাসের গায়ে হাত রেখে!
বৃত্তাবদ্ধ পায়ের তলায় পিষ্ট হয়
কত সবুজ ঘাস! তবুও তার
সজীব আদর মখমল
অনুভূতির তারুণ্যের কথা
মনে করিয়ে দেয়।
রৌদ্রের রুদ্র আঁখি
অথবা কোমল আলিঙ্গন
অনুভবের অণু পরমাণু হয়ে
মিশে আছে বয়সী সময়ের শিরা উপশিরায়।
একটা বৃষ্টি ঝরোঝরো জলমগ্ন দিন
এখন আর আমার জন্য কেউ তুলে রাখেনা।
অস্বাস্থ্যকর কাদাযুক্ত আলপথ সেই কবেই
মিলিয়ে গেছে দুরন্ত শৈশবের
সুনির্মল স্বপ্নের অতল গহ্বরে!
দুঃস্বপ্নমোড়া
প্রাচীন হৃদয় এক বয়ে চলেছি নির্বিবাদ
শেষ বিকেলের গোধূলি গন্তব্যে!



