
তূয়া নূর
ভালোবাসার একটা ব্যাংক বানাবো
রক্ত-প্লাজমার ব্যাংকের মতো।
মাটিতে জায়গা না পেলে আকাশে।
উদ্বৃত্ত ভালোবাসা মানুষ জমা করে রাখবে,
সন্ন্যাসীদের ভালোবাসা লাগে না
তারা পুরোটাই জমা করে রাখতে পারে।
সব ধরণের ভালোবাসা—
ইচ্ছে করলে সঞ্চয় করে রাখতে পারবে যে কেউ,
ভবিষ্যতের কথাতো আগে ভাগে কিছু তো বলা যায় না।
ব্যাগ ভরে তাতে ভালোবাসার ধরণ লিখে
বর্ণানুক্রমে সাজিয়ে রাখা হবে।
ভালোবাসা ধার দেয়া হবে যার যতটুকু চায়
বিনিময়ে সব ভালোবাসাটুকু যেন সে দান করে যাবে
নিজের অঙ্গ দান করার করার মতো মানুষ যেমন
দলিল করে রেখে যায়—
যেন পৃথিবীতে ভালোবাসাহীন কেউ কঙ্কালসার না হয়ে যায়।
একটা অঙ্গ যেমন এক দেহ থেকে স্থাপিত হয় অন্য দেহে—
ভালোবাসা তেমন অনন্ত কাল একজন থেকে অসংখ্য জনে সঞ্চারিত হবে।



