
প্রদীপ সেন
ধরে রাখার প্রাণপণ চেষ্টা
আঁকড়ে ধরে, আলিঙ্গন করে
এই যে ‘যেতে নাহি দিব’
আর ‘না, যেয়ো না’-র অতিচেষ্টা,
কে না জানে এ সব আয়োজন, আলাপন বৃথা?
না যাওয়ার অবকাশ যেখানে নেই
সেখানে কেনই বা মিছে গান গাওয়া—
‘আমি যাবো না, যাবো না, যাবো না গো’?
বরং যাবোই যখন তখন কিছু রেখেই যাবো
কিছু কথা, কিছু গান, কিছু না-ভোলা স্মৃতি।
শেষমেশ তাঁরাই তো থেকে যায়
যাঁরা চলে গিয়েও চিরস্থায়ী শূন্যতা রেখে যায়।



