
কনক কুমার প্রামানিক
এই নববর্ষার রিমঝিম প্রাতে
তোমাকে নিয়ে ভিজবো আষাঢ় বারিধারায়
দু’হাত ভরে এনে দেব শুভ্র কদমগুচ্ছ।
গুঁজে দেবো তোমার ভেজা কেশে একরাশ কেয়া।
দু’হাত ধরে হেঁটে যাব গাঁয়ের কর্দমাক্ত মেঠোপথে
শোনাব রাখালের সুমধুর বাঁশির সুর
দেখাব ভরা গাঙের হাঁসেদের জলকেলি আর
কাজল কালো দীঘির জলে দুষ্ট কৈশোরের দুরন্তপনা।
উদাসী মনে হারিয়ে যাব দূর অজানায়—
বর্ষায় নিঃস্তব্ধ সন্ধ্যায় নিকষ অন্ধকারে জ্বলবে জোনাকির আলো
ঝিঁঝিঁ পোকার একটানা বেসুরো আর্তনাদ
নির্মল বাতাসে এলোচুলে খুঁজব প্রণয়ের সুবাস।



