
মমতা মজুমদার
ভুল করে ভুল ট্রেনে উঠেছি বারংবার;
খেলেছি কত রঙ বেরঙের খেলা এক জীবনে
একা নিস্তব্ধে বসে নিজেই নিজের সাথে।
কখনো পথ ভুলেছি আপন গণ্ডি পেরিয়ে
ইচ্ছেনদী ঘুরে;
কখনো বা মস্তিষ্কের সাথে একা লড়াই করে করে।
আবার হেঁটেছি ক্লান্ত দুপুরে বিষণ্ণ বিকেল কাটিয়ে।
মেঘকালো আকাশের তাণ্ডবলীলা উপভোগ করে।
কখনো মনের ঘুড়ি উড়িয়ে দেখেছি গল্পের মতোই;
এক বৈচিত্র্যময় জীবনের একমুঠো তিক্ততা
আর বিষাদ রয়েছে অবিরত।
খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছি, কেন এলাম এই ধরার বুকে?
মায়াডোরে বেঁধেছে কে কবে আমায় এই পৃথিবীর আলোতে?
কে দিল ব্যথা, সাগরের গভীরতায় খুঁজেছি আমরণ তা।
সবশেষে আঁধারে খুঁজে পেয়েছি শুধু বিষাদের নীরবতা;
আমারে সুখ দিতে চাঁদের মিতালি হয়নি বুঝি
সে-ই রাতের?
হতাশায় দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়ে এক একটা
পেলাম শুধু জীবনের স্বাদ!
দুঃখদের সঙ্গী করে পথ চলেছি আবারও প্রতিদিন,
এই আমার আমৃত্যুর অভিশাপ।
ব্যস্ত সে চেনা গলিতে অচেনা লাগে কখনো নিজেকে
কখনো শহরের বুকে খুঁজি আমার এই যান্ত্রিক
জীবনের অবকাশ।
পথ ভোলা মন, নিজের সাথে কথা বলি নিরালায়
যখন তখন;
আমিও হারাবো একদিন পথের ধারে রৌদ্র ছায়ার মতন।



