
অমিয় আশা দুর্লভ মানুষে!
একটা অঞ্চিত মানুষ চাই,
যার থাকবে দ্বিধা, অকপটে বলবে না- ‘ভালোবাসি তোমায়!’
শত বাধা ভাঙবে দ্বিধাকে পরাজিত করবে-
পূর্ণ আস্থার সাথে বলবে, ‘ভালোবাসি,বড্ড ভালোবাসি তোমায়’।
একটা অনঘ মানব চাই-
যার থাকবে সংকোচবোধ, ইচ্ছে করলেই বলবে না-
‘এই তোমাকে ভালোবাসার আদলে ছুঁতে চাই’,
সংকোচ পেরিয়ে পবিত্র বাঁধনেই আলিঙ্গন করে নেবে আমায়।
একটি নির্ভীক মানুষ চাই;
যার থাকবে জেদ, আমায় অন্য কারো হতে দেবে না-
তুমুল ঝঞ্ঝাবায়।
ভালোবাসার অধিকারে ছিন্ন করবে যে সকল বাধার দুয়ার-
আমি তার হতে চাই।
একটা দীপ্ত মানব চাই;
যার থাকবে চাতুর্য আর প্রাচুর্য প্রেম,
কারও ছলাকলায় ছেড়ে যাবে না আমার বিশ্বাসের নাটাই।
একটি অমেয় সাহসী চাই;
যে কখনও নির্লজ্জও হবে আবেগের বসে,
মানুষের ভিড়ে বীরদর্পে বলবে, ‘জীবনটা দিলাম তোমায়’!
একজন চিত্রভানু প্রেমিক চাই!
হাজার ভুলেও বুকে বাঁধে বিশ্বাসের অনন্ত অম্বর যে,
সাধবে তমস্বান জীবনে আমার অন্তিম দিব্যাংশু-
সে বুকেই মরতে পারি হাজারবার।
আমি লেলিহান দুঃখ পেরিয়ে দু’চোখের অশ্রু হারিয়ে
এক তিতাস কষ্টের ফোয়ারা পুষি যে অপেক্ষায়–
তবে সে ত্রিদিপ দিনকর আনবে কি আশার প্রহর
ভালোবাসার সুপ্ততাপে কি বোঝাবে পৃথিবীর সুন্দর!
অপেক্ষায়…



