
মমতা মজুমদার
শরতের আকাশে,
দেখি না কোথাও গাঢ় নীলের আবরণ!
শুভ্র চাদরে মুড়ে থাকে সাদা সাদা বক।
নীলাকাশ ছুঁয়ে আসে না পাখি ছোট্ট নীড়ে
কাশফুল দুলে ওঠে না আর আগের মতো;
কতদিন শরৎ দেখি না, এই গ্রাম বাংলায়!
প্রকৃতির শোভা দেখা হয়নি হেঁটে হেঁটে
শিউলি তলায় বসে আঁচলে কুড়িয়ে
আনিনি তো ঝরা ফুল;
গাঁথি না মালা, প্রিয় কামিনী ও দোলনচাঁপার।
রক্তরাগ সূর্যটাও ঝলমলে আসেনি তো বাড়ি।
বেপরোয়া হাওয়া দাগ কেটেছে আজ মনে;
উষ্ণ চাদরে জড়িয়ে নেয় শীতের সকাল।
মায়ার বাঁধনে বেঁধেছে আমায় প্রিয় ষড়ঋতু
প্রেমহীন পৃথিবীতে ঝরা বকুলের ঘ্রাণ আসে
না আর নাকের ডগায়;
শিশিরের জলে ভিজে ওঠে না নগ্ন পা-যুগল!
প্রকৃতি চিরকাল সমান তালে তাল মেলাতে
চায় না।
মনে হয়, সবুজের আড়ালে মুখ লুকিয়েছে
আজ আমার গাঁ।
আমি মুগ্ধতা পাই না কোথাও বেলা অবেলায়।



