
কবিতা
আসবে সে
মাকসুদা খাতুন দোলন
সখি,তোরা দে আমায় সাজিয়ে!
হলুদ গাঁদা ফুল, লাল শিমুল
দে আমায় খোঁপায় পরিয়ে!
আমি খুলে রাখবো না দীঘল কালো এলোচুল।
আসবে সে কাছে, বসবে পাশে
বার্তা এসেছে বাতাসে ভেসে।
সখি, তোরা করিস না দেরি!
ফুলের কাননে চল্ তাড়াতাড়ি!
সাদা বেলি, শিউলি বকুল;
কুড়িয়ে গাঁথবি মালা কানের দুল,
আসবে সে কাছে, হাতে নিয়ে লাল গোলাপ ফুল।
সখি, তোরা কে কোথায় আছিস বল্?
জলদি আমায় সাজাবি চল্!
আর যে তর সইছে না আমার!
বেলা গড়িয়ে সন্ধ্যা বুঝি এল এবার!
আমি কখন যাবো পুকুর ঘাটে?
বলেছিল সে,আমায় দেখে আসবে ছুটে।
সখি, তোরা নিয়ে আসিস পুঁইফল
রাঙিয়ে দিবি দুই হাতের তল।
পরিয়ে দিবি লালপেড়ে শাড়ি,
হাতে দিস্ কাচের রেশমি লাল চুড়ি।
পায়ে নূপুর পরিয়ে আলতা মেখে,
লেপ্টে দিস্ কাজল চোখে।
আসবে সে কাছে,দেখবে আমায় অপলক চোখে।



