
শামসুন্নাহার সুমনা
শীতকাল এলে পথশিশুরা
কষ্ট অনেক করে,
শীত নিবারণ করতে ওরা
ছেঁড়া জামা পরে।
আমরা কিনি শীতকাল এলে
নতুন শীতের কাপড়,
ওরা তখন বস্তা কুঁড়ায়
বানায় গায়ের চাদর।
লেপটা মুড়ে আমরা যখন
ঘুমে বিভোর রাতে,
কাঁপতে থাকে ওরা তখন
জেগে ঐ ফুটপাতে।
শীতের দিনে ওদের তুমি
একটু খবর নিও,
পারলে তুমি ওদের দুটো
পুরান চাদর দিও।



