
তূয়া নূর
একটা অহংকার থাক তোমার ভেতর
তুমি অহংকারী হও দেমাগি হও!
হও ভীষণ রকম অভিমানী!
তরল, বায়বীয় বা কঠিন পদার্থের মতো এমন নয়
যে কেউ সহজে হিসাব কষে নিতে পারে।
তোমার যা কিছু আছে অর্জন, সবটুকুই তোমার গর্ব
সবটুকুই থাক তোমার ভেতর,
জ্বলে পুড়ে নিখাদ হওয়া ধারালো অস্ত্র।
সেই অহংকার ছড়াবে না বিষ,
সৌন্দর্য ও সুবাস তাতে,
বেশী মানবিক করে হাঁটতে শেখায় শিরদাঁড়া সোজা করে।
একান্ত তোমার সম্পদ—
ভীষণ সুন্দর ফুলের মতো পাপড়ি মেলুক
সুবাস ভেসে আসুক সেখান থেকে বাতাসের সাথে।



