
মুহাম্মদ রফিক ইসলাম
হাতের কাছে ফুল রেখে কাঁটাবনে ঢুকে
বেমালুম ভুলে যাই পথ।
কী এক দুরূহ অসুখ…অসুস্থতার ভেতরেও
গহিন মৌনতায় তোমার সিথানে দাঁড়ানো শিখিনি!
যদিও আজকাল ভুলবাল করে ফেলি ঢের,
অজান্তেই মুছে ফেলি জল…।
সময়ের সাথে নুইয়ে আসা বয়সের ফের,
মুখ থেকে বেরিয়ে যায় যে কথা সে কথা
ফেরানোর সুযোগ খুঁজে পায় কেউ?
তবু শিয়রে জ্বালিয়ে রেখেছি প্রেমের পিদিম
যদি আলোটুকু তোমায় ছুঁয়ে দিতে পারে কোনদিন!



