
বর্ণাঢ্য বাংলাদেশ ডে প্যারেডের নেপথ্য কারিগরদের সম্মাননা সনদ প্রদান
নিউ ইয়র্ক সংবাদদাতা : সম্প্রতি অত্যন্ত বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সম্পন্ন হয়েছে ‘বাংলাদেশ ডে প্যারেড’। ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং ও টম সোয়াজি, স্টেট সিনেটর জেসিকা রামোস, স্টেট অ্যাসেম্বলি ম্যান স্টিভেন রাগা, অ্যাসেম্বলি ওম্যান জেসিকা গঞ্জালেস রোজাস এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেকর কৃষ্ণানসহ মূলধারার বহু বিশিষ্ট রাজনীতিক ও অতিথিবৃন্দের উপস্থিতিতে এই সফল প্যারেড নিয়ে বাংলাদেশ কমিউনিটিতে এখনো বইছে প্রশংসার জোয়ার।
একটি মেগা ইভেন্ট সফলভাবে সম্পন্ন করার পেছনে কাজ করে সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রখর সাংগঠনিক দক্ষতা এবং নেপথ্যের বহু মানুষের অক্লান্ত পরিশ্রম। সামনের সারির কর্মীদের পাশাপাশি যারা পর্দার আড়ালে থেকে নিরলস অবদান রেখেছেন, সেই নেপথ্য কারিগরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজক কমিটি।
গত ৪ জুন জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কৃতি ব্যক্তিত্বদের বিশেষ সম্মাননা ও সনদ প্রদান করে বাংলাদেশ ডে প্যারেড কার্যকরী কমিটি।
প্যারেডের সদস্য সচিব ফাহাদ সোলায়মানের নেতৃত্বে কমিটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারেডের চীফ গ্র্যান্ড মার্শাল এম আজীজ, প্যারেড কমিটির কনভেনর গিয়াস আহমেদ এবং চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট পল খান। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন প্যারেড কমিটির চীফ ইভেন্ট কো-অর্ডিনেটর এফইএমডি রকি।
অনুষ্ঠানে অনন্য অবদানের জন্য সম্মাননা সনদ গ্রহণ করেন বাংলাদেশ ডে প্যারেডের থিম সং-এর রচয়িতা খ্যাতিমান কবি ও শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী এবং থিম সং-এর সুরকার খ্যাতিমান সংগীতশিল্পী ইবরার টিপু।
এছাড়াও সনদ গ্রহণ করেন কমিউনিটির জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, নাজু আকন্দ, বিন্দু কণা, আফতাব জনি, তৃনিয়া হাসান, কৃষ্ণাতিথী, জনপ্রিয় উপস্থাপক শারমিন সোনিয়া, মিসেস রকি এবং গ্রাফিক্স ডিজাইনার আব্দুল্লাহ আল নোমান। বক্তারা এই নেপথ্য যোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামীতে আরও বড় পরিসরে দেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন।
ছবি














