প্রবাস

নিউইয়র্কের রকোয়ে বিচে জমকালো ‘জোছনা উৎসব ২০২৬’ এর আয়োজন

নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: প্রবাসের ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং বাঙালি সংস্কৃতিকে বিদেশের মাটিতে সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘জোছনা উৎসব ২০২৬’।
শ্রাবণের পূর্ণিমার আলোয় ভাসতে প্রতি বছরের মতো এবারও নিউইয়র্কের রকোয়ে বিচ এরিয়া উৎসবের মূল ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে। ‘আজ শ্রাবণের পূর্ণিমাতে কি এনেছিস বল’ — এই মূলভাবকে সামনে রেখে গল্প, গান, নৃত্য ও কবিতার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে এই উৎসবে।
জোছনা উৎসবের গুরুত্ব তুলে ধরে উৎসবের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা অন্যতম সদস্য গোপাল সান্যাল ও পিনাকী তালুকদার একই সুরে বলেন, প্রকৃতির কাছে সবাইকে পৌঁছে দেওয়ার প্রয়াস এবং জোছনার সৌন্দর্যসুধা পান করে কর্মব্যস্ত জীবনে কিছু সময়ের জন‍্য একমুঠো আনন্দে ডুবে থাকা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবটি ঐদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে টানা রাত ১০টা পর্যন্ত চলবে। কুইন্সের রকোয়ে বিচ পার্কিং এরিয়া (Add: Rockaway Parking Area, 155 Beach 95th Street, Queens, NY 11693)-তে এই আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আগত অতিথিদের সুবিধার্থে থাকবে সম্পূর্ণ বিনামূল্যে পার্কিংয়ের (Free Parking) সুব্যবস্থা। এছাড়াও শিশুদের জন্য বিনোদন ও আনন্দের অংশ হিসেবে ‘ছুটি ডটকম’ এর পক্ষ থেকে নানাবিধ আকর্ষণীয় ও বিশেষ খেলার আয়োজন রাখা হয়েছে।
এই বিশাল আয়োজনকে সফল করতে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন নূরুল আমিন বাবু এবং পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নিউটন দাস। উৎসবের মূল দিকনির্দেশনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা লুৎফুন নাহার লতা এবং সার্বিক আহ্বায়কের দায়িত্বে আছেন পিনাকী তালুকদার।
এছাড়াও উৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন স্বীকৃতি বড়ুয়া, আব্দুল হামিদ ও গোপাল সান্যাল। গণসংযোগ ও মিডিয়া সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন আসলাম আহমেদ খান। অনুষ্ঠান সহযোগী হিসেবে কাজ করছেন স্বাধীন মজুমদার ও তাহরিনা পারভীন প্রীতি এবং ব্যবস্থাপনা সহযোগী হিসেবে রয়েছেন রামদাস ঘরামী ও ড. এনায়মুল হক।
আয়োজকেরা নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত সকল প্রবাসী বাঙালিকে সপরিবারে এই উৎসবে যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
উৎসব সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগের নম্বরগুলো হলো: ৭১৬-৪০০-৩১৬৯, ৬৪৬-৬২৯-৪২৮১, ৬৪৬-৬৬৭-৮৪৩৩ এবং ৩৪৭-৮৪০-৪১১৮। শ্রাবণী পূর্ণিমার আলোয় সমুদ্রের তীরে এক টুকরো বাংলাদেশ যেন মেতে উঠবে এক মহা-মিলনমেলায়—এমনটাই প্রত্যাশা করছেন আয়োজক ও শুভানুধ্যায়ীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension