
তুহীন বিশ্বাস
বারবার বাতাস কেন সাক্ষী হয় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব
ধূলিকণা উড়ে নিঃশ্বাসে মিশে পথিক হারায় ছন্দ,
আশ্বাসের বিষবাষ্প ছড়িয়ে পড়ে বিশ্বাসের স্তম্ভে
ত্রিভুজ কিংবা পঞ্চভুজ অগোছালো মস্তিষ্ক দম্ভে!
আমি তুমিতে সুমিতে আঁকড়ে থাকে অস্তিত্ব রেখা
শিউলির মৌ মৌ গন্ধেও নেই এতটুকু সুখের দেখা,
ঝরাপাতার নিঃশব্দ কান্না মিশে যায় ধুলোমাটিতে
দুঃখের আবরণে ঢেকে গেছে স্বপ্ন ভাঙার ঘাঁটিতে।
অথচ কথা ছিল প্রতিকূলতা বিপরীতে যুদ্ধ করা
তবুও নিশ্চুপ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে নিঃস্ব সর্বহারা,
আর লাস্যময়ী মেঘবালিকা বৃষ্টিস্নাত সন্ধ্যার রথে
নেই কষ্টের অবসান, জীবনটা শ্মশান যাত্রার পথে।



